নৈহাটির থেকে চালু হচ্ছে শিলিগুড়ি, দিঘা ও পুরীর বাস পরিষেবা

Published:

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: বিগত সরকারের আমলে নৈহাটিতে একটি বড় বাস টার্মিনাস (Naihati Bus Terminus) তৈরি হয়। তবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে থাকতে থাকতে একসময় সেটি ইট, বালি ও পাথরের মতো নির্মাণসামগ্রী রাখার জায়গায় পরিণত হয়। রাজ্যে সরকারের পালাবদলের পর, এই টার্মিনাস থেকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই নৈহাটি ও জোকার মধ্যে ১০ টির মতো এসি বাস (AC Bus) নিয়মিতভাবে চলাচল করছে। আর এখন পরিবহন দফতর তরফে নৈহাটি থেকে শিলিগুড়ি, দিঘা ও পুরী পর্যন্ত বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এই পরিষেবাগুলি চালু হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া, শৌচাগার ও যাত্রীদের বসার ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয়ও নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে দফতরের।

নৈহাটির বাস টার্মিনাসকে নতুনভাবে সাজাচ্ছে সরকার

সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) বলেন, নৈহাটি হল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। বর্তমানে তাঁর লেখা ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠান চলছে। তারই পরিপ্রেক্ষিতে নৈহাটিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থান হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে এবং পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই নয়া উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

নৈহাটির এই বাস টার্মিনাসটি পূর্ণ ক্ষমতায় পরিচালিত হলে ও রাজ্যের বিভিন্ন প্রান্ত এখানে থেকে বাস পরিষেবা চালু হলে, দূর-দূরান্ত থেকে আসা বহু দর্শনার্থী নৈহাটিতে এসে ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি ও সংগ্রহশালাটি ঘুরে দেখার সুযোগ পাবেন। বর্তমানে নবীন প্রজন্মকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কীর্তি ও অবদান সর্ম্পকে অবগত করানোর উদ্দেশ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দক্ষিণবঙ্গের দিঘা এবং ওড়িশার পুরীর সাথে বাস যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই রুটগুলির জন্য অনুমতির প্রক্রিয়া চলছে। ভাটপাড়া ও কাঁচরাপাড়ার বাসিন্দারাও এখান থেকে বাস ধরার সুযোগ পাবেন।

আরও পড়ুন: তিন মাসে ১৯০ কোটিরও বেশি আয় শিয়ালদায়, বাকিদের কত? তালিকা দিল পূর্ব রেল

প্রসঙ্গত, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই অবস্থিত এই বাস স্ট্যান্ডের কাছেই নতুন নৈহাটি থানাটি তৈরি করা হয়েছে, এছাড়া তৎসংলগ্ন নৈহাটি হাসপাতালেরও সংস্কার কাজ চলছে পুরোদমে। এই বাস স্ট্যান্ডটি রেলওয়ে স্টেশনেরও খুব কাছেই অবস্থিত। এছাড়া, নৈহাটির সুপ্রসিদ্ধ ‘বড়মার’ মন্দিরের জনপ্রিয়তাও প্রতিনিয়ত বাড়ছে এবং দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে পূজা দিতে আসেন। তাই স্থানীয় বাসিন্দা আশা রাখছেন, এই বাস পরিষেবা চালু হলে বড়মার মন্দিরে আসা তীর্থযাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবেন।

আরও BUS Digha Puri Siliguri