এই দিন পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের

Published:

Sumit Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত কিছুটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি রাখল রাজ্যের সর্বোচ্চ আদালত। এমনকি রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দেওয়া হয়েছে, সুমিতের বিরুদ্ধে ইতিমধ্যেই কয়টি এফআইআর দায়ের হয়েছে তার তালিকা আদালতে জমা দিতে হবে। ১০ সেপ্টেম্বরের পর এই মামলা শুনবে হাইকোর্ট।

হাইকোর্টে কিছুটা স্বস্তি সুমিত রায়ের

তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জমি এবং চাকরি দুর্নীতি মামলায় নাম উঠে আসে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের। মামলাদুটিতে রক্ষাকবচের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে চাকরি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ মিললেও জমি দুর্নীতিতে রক্ষাকবচ দেয়নি হাইকোর্ট। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখান থেকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। এমনকি ইতিমধ্যেই তিনদিন সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি, এবং তদন্তকারী অফিসাররা ঘণ্টার পর ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন।

এদিকে অভিযোগ, এই দুটি মামলায় রক্ষাকবচ পাওয়ার মধ্যেও তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়। সেগুলিতে আপাতত মুক্তি পাওয়ার জন্য রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী বিকাশ পাহওয়া। এমনকি তিনি সেই অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করেন। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মামলাগুলি মুলতুবি থাকবে। এর আগে পুলিশ গ্রেফতারির মতো কোনও পদক্ষেপ সুমিতের বিরুদ্ধে নিতে পারবে না।

আরও পড়ুন: রাজ্যের ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এমনকি হাইকোর্ট আরও জানিয়েছে, পুলিশ কোনও পদক্ষেপ নিলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত রায়। পাশাপাশি তাঁর আইনজীবী জানিয়েছেন, সুমিত রায় তদন্তে সহযোগিতা করছেন, এবং একাধিকবার হাজিরা দিয়েছেন। উল্লেখ্য, গত ৫ জুন প্রথম এফআইআর দায়ের হওয়ার পর সুমিতের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর-টি দায়ের হয় ১৬ জুন। তবে সেগুলোতে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার মধ্যেই আরও বেশ কয়েকটি মামলায় নাম জড়িয়ে পড়ে তাঁর। তা নিয়েই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আপ্ত সহায়ক।

google button