সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার দুর্গাপুজো এখন গেরুয়া শিবিরের হাতে। তৃণমূলের ভরাডুবির পর শহরের জনপ্রিয় সব পুজো কমিটিগুলি এখন বিজেপির দখলে। তবে পুজোর সময়ও শ্রীঘরে থাকতে হবে শ্রীভূমির প্রাক্তন মাথা সুজিত বসুর (Sujit Bose)। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে পালাবদলের পরপরই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী। গত ৫ মাস ধরেই জেলবন্দী তিনি। তবে মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে আরও ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট।
জামিনের আবেদন খারিজ সুজিত বসুর
পুরসভায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আমলের এই মন্ত্রীর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরপরই তাঁকে গ্রেফতার করে ইডি। তবে পুজোর আগে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সেই আবেদন খারিজ করে আপাতত পুরনিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি দিলেন না তাঁকে। ফলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় এবার আর থাকা হল না সুজিত বসুর। আপাতত জেলবন্দী থাকতে হবে তাঁকে।
মে মাসে সরকার বদলের পরপরই সুজিত বসু-সহ তৃণমূলের একাধিক নেতা এবং বিধায়কের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। যদিও আগের সরকারের আমলে পুরসভা এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার দায়িত্বভার গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই-এর হাতে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ মে গ্রেফতার করা হয় বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তোরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: আরও বাড়বে ডিএ’, কবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সুজিত বসুকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। জেলবন্দী অবস্থায় একাধিকবার জামিনের আবেদন করেন তিনি। তবে তাঁর দুর্নীতির পরিসংখ্যান বিবেচনা করে সেই আবেদন খারিজ করা হয় আদালতের তরফ থেকে। তবে পুজোর আগে ফের জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানি। তবে ইডির আইনজীবীর দাবি ছিল, তাঁকে জামিন দিলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন। এতে তদন্তে অসুবিধা হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজ জামিনের আবেদন খারিজ করে দেয় রাজ্যের উচ্চ আদালত।










