সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটেই (West Bengal Budget 2026) বাজিমাত করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যবাসী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ঢেলে উপহার দিয়েছেন তিনি। সবথেকে বড় প্রত্যাশা ছিল কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ (Dearness Allowance) নিয়ে। কারণ, কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল প্রায় ৪০%। এবার সেই গ্যাপ পূরণ করার জন্য বাজেটে ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়, এবং এখন নতুন ডিএ দাঁড়িয়েছে ৩৮%। এমনকি রাজ্য সরকার এখনও পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে যে ফারাক রয়েছে তা ধাপে ধাপে পূরণ করবে বলেই আশ্বাস দেয়। কিন্তু তাতেও খুশি নন কর্মচারীরা। একাধিক দাবি তুলে আন্দোলনের ডাক দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
ডিএ বাড়লেও খুশি নন কর্মচারীরা
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ চারটি দাবি জানিয়েছেন। তাঁর দাবিগুলি হল—
- গ্রান্ট-ইন-এইড কর্মীদের ডিএ মামলার বকেয়া কেন দেওয়া হল না।
- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া কেন আজও পাচ্ছে না।
- সপ্তম বেতন কমিশন ঘোষণা করা সত্ত্বেও নোটিফিকেশন কেন এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
- ২০% ডিএ অক্টোবর মাস থেকে দেওয়ার ফলে জুলাই-সেপ্টেম্বর মাসে অবসর নেওয়া কর্মীদের ক্ষতির পরিমাণ কীভাবে মেটানো হবে।
এমনকি তাঁর সংযোজন, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে ১৯৮২ সাল থেকেই যে কোনও শাসকদলের সরকারি কর্মী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন করে আসছি। বাম আমলে কয়েক দশক ধরেই যৌথ সংগ্রামি মঞ্চ, মহাকরণ সংগ্রাম কমিটির মতো যৌথ মঞ্চের শরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। তৃণমূল শাসনে আমাদের ডিএ মামলা কর্মচারী আন্দোলনের ইতিহাসে নজির সৃষ্টি করেছে। তবে এখনও পর্যন্ত লড়াই অনেকটাই বাকি। ভবিষ্যতে আন্দোলন কর্মসূচি গ্রহণের প্রয়োজন এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।
আরও পড়ুন: বিধানসভায় পেশ হল ওবিসি সংক্রান্ত জোড়া বিল, কী কী বদল এল?
জানিয়ে রাখি, পূর্বতন সরকারের আমলে ডিএ নিয়ে জল অনেকদূর গড়িয়েছিল। ফেব্রুয়ারি মাসের বাজেটে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণায় ডিএ বেড়ে দাঁড়িয়েছিল ২২%। কিন্তু এপ্রিল মাস থেকে তা কার্যকর হওয়ার কথা থাকলেও সিংহভাগ সরকারি কর্মচারী সেই সুবিধা পাননি বলেই অভিযোগ। এমনকি তা নিয়ে মামলা চলে সুপ্রিম কোর্ট পর্যন্তও। এরই মধ্যে আবার রাজ্যে সরকারের পালাবদল ঘটে। এবং বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় ফিরলে সপ্তম বেতন কমিশন গঠন থেকে শুরু করে বকেয়া ডিএ মেটানো হবে, এবং বর্তমান ডিএ বৃদ্ধি করা হবে। কিন্তু এবারের বাজেটে ২০% ডিএ বাড়ালেও বকেয়া নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।










