অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকার দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসের ৬ তারিখ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) টাকা ঢোকেনি বহু মহিলার। কবে টাকা ঢুকবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবেই জানালেন। যেখানে গত দুই মাস অর্থাৎ জুন এবং জুলাইতে ১ তারিখ থেকে টাকা ঢোকানো শুরু হয়েছিল, সেখানে চলতি মাসে কেন এত টাকা দিতে বিলম্ব হচ্ছে এই প্রশ্ন ছিল রাজ্যের সিংহভাগ মহিলাদের। সেখানে এবার বড়সড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী।

এই তারিখ থেকে ঢুকবে আগস্ট মাসের টাকা

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একজনও যোগ্য উপভোক্তা বাদ যাবে না বলেই জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই কারণেই আবার প্রত্যেক মহিলার তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে রাজ্যের ব্লক অফিসের তরফ থেকে। এমনকি পৌরসভা বা বিডিও অফিসে চলছে জোরকদমে ভেরিফিকেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় এনে সুবিধা প্রদান করা হবে। তবে তার আগে চলবে ভেরিফিকেশন।

এদিকে সম্প্রতি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছিলেন, যেহেতু বর্তমানে ভেরিফিকেশন চলছে, তাই আগামী ১৫ আগস্টের পর মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তাই সেক্ষেত্রে চিন্তার কারণ নেই। যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের পুনরায় ভেরিফিকেশন করেই সুবিধা প্রদান করা হবে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ১৫ নয়, বরং আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩ হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়বে।

আরও পড়ুন: বিএসকে নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্তে CID, বন্ধ হল কর্মীদের বেতনও

অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত মহিলাদের অপেক্ষা করতে হবে। তার আগে টাকা না ঢুকলে আপাতত চিন্তার কারণ নেই। যাদের আবেদন বাতিল হয়েছিল, পুনরায় ভেরিফিকেশন চলছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রকল্পের টাকা ছাড়া হবে। এমনকি আজ দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, তারা সবাই ভেবেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু এমনটা নয়। এই প্রকল্পের টাকা শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরকেই প্রদান করা হবে। কিন্তু হ্যাঁ, যাদের আবেদন বাতিল হয়েছে, তারা লিখিত আকারে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে জমা দিতে পারেন। সেখান থেকে যাচাই করে সুবিধা প্রদান করা হতে পারে।