২০ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে? জানালেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এখন তোলপাড় রাজ্যের রাজনীতি। নাম বাদ গিয়েছে এই অভিযোগে পৌরসভা থেকে শুরু করে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হলেও এখনও অনেক মহিলার ব্যাংকে টাকা ঢোকেনি বলেই অভিযোগ। ২০ তারিখ পর্যন্ত অন্নপূর্ণার টাকা দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। তবে গতকালের মধ্যে যদি কোনও মহিলার টাকা না ঢোকে বা আবেদন বাতিল করা হয় তাহলে কীভাবে সেই সমস্যা সমাধান করা হবে তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ঘোষণাও করেছেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধা পাবে। কিন্তু ২০ তারিখ পেরিয়ে যাওয়া সত্ত্বেও অনেকের আবেদন এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি করা হয়েছে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কোনও সমস্যা থাকলে আপনারা মহিলা মোর্চার সহযোগিতা নেবেন।

এদিকে সম্প্রতি অন্নপূর্ণা যোজনার বাড়তি ভেরিফিকেশনের জন্য রাজ্যের মহিলা মোর্চার সদস্যদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাতে একজন অযোগ্য উপভোক্তাও এই প্রকল্পের সুবিধা না নিতে পারে, এবং তার পাশাপাশি যোগ্য একজনও যাতে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যেই এই বাড়তি ভেরিফিকেশন। সেই সূত্রে যোগ্য হওয়ার পরেও যদি কোনও মহিলা টাকা না পায়, সেক্ষেত্রে উপায়ের পথ বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: হাইকোর্টে নতুন করে ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক, এখনও আটকে কটি?

সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে তথ্য সংগ্রহ করবে। আপনারা ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে কেউ যদি উপযুক্ত হয়েও বঞ্চিত হয়ে পড়েন, তাহলে নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে না। শুধুমাত্র ফর্মের নম্বর, এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটিকে নথিভুক্ত করাবেন।” তাছাড়া অভিযোগ জানানোর বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “যদি কেউ মনে করেন, কেউ অনুপযুক্ত হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন, তাহলে আপত্তি জানাতে পারেন। অন্যদিকে আপনি উপযুক্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে টাকা ঢোকেনি, তাহলে সেক্ষেত্রেও আপনি আপনার আপত্তি জানাতে পারবেন। আমরা সেটা নিষ্পত্তি করব।”

google button