অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আরও একবার প্রসঙ্গ উঠল পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে। বিগত তৃণমূল সরকার দীর্ঘদিন ধরেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে পরিবর্তন করে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ করার আবেদন করে এসেছে কেন্দ্রের কাছে। তবে মন্ত্রিসভায় প্রস্তাবিত হলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই প্রস্তাবে এখনও শিলমোহর দেয়নি। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এখন পশ্চিমবঙ্গের নাম বদল হবে কিনা, সেই প্রসঙ্গে আজ (৬ আগস্ট) বক্তব্য রেখেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নামটার সাথে অনেক ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে। রাজ্যের নাম বদলাবে কিনা, তা নিয়ে স্পষ্টভাবে কী জানালেন মুখ্যমন্ত্রী, আসুন জেনে নিই।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে ব্যাপক ঐতিহ্য লুকিয়ে রয়েছে, কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল, ১৯৪৭-এ সেদিন আমাদেরকে পাকিস্তানের নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ড: শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়, পশ্চিমবঙ্গ আইনসভায় ৫৮-২১ ভোটে এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে।”
আরও পড়ুন: এলিয়ট পার্ক থেকে সরল “দৃশ্যদূষণ” টিনের বেড়া, মমতাকে খোঁচা দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর
এর পাশাপাশি তিনি বলেন যে, “এটা কঠিন বাস্তব…পশ্চিম নামটা আমরা মুছে দিতে পারিনা, পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মের জানা দরকার।” তিনি বলেন মন্ত্রীসভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে পূর্বতন সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পটির নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হবে। এই প্রসঙ্গে আরও একবার শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন “পশ্চিমবঙ্গ নাম আমরা ভুলতে দিতে পারি না এটা আমাদের কর্তব্যের মধ্যে পরে”।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকার দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। তবে তা চূড়ান্ত অনুমোদন পায়নি। পূর্বতন সরকারের আমলে ২০১৬ সালে মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। সেসময় ঠিক হয়েছিল বাংলায় রাজ্যকে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ বলা হবে আর ইংরেজিতে নাম থাকবে ‘বেঙ্গল’। পরে ২০১৮ সালের জুলাই মাসে মন্ত্রিসভায় তিন ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাস হয়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই প্রস্তাব পাঠানোর পরেও দীর্ঘ সময় ধরে কোন সাড়া পাওয়া যায়নি, এ নিয়ে তৃণমূল সরকারের ক্ষোভ ছিল।










