নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ‘গার্ড অফ অনার’ পুলিশের, শুরু প্রশাসনিক ইনিংস

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর এবার বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে বিজেপি সরকার। শপথ নেওয়ার পর আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রথম প্রশাসনিক বৈঠক হতে চলেছে নবান্নে (Nabanna)। তার আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গেলেন তিনি। সেখান থেকে সল্টলেকে বিজেপি কার্যালয়ে গিয়ে নবান্ন যেতেই তাঁকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’ (Guard Of Honor)।

স্বাগত জানিয়ে ‘গার্ড অফ অনার’ শুভেন্দুকে

রিপোর্ট মোতাবেক, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সল্টলেকের বিজেপির কার্যালয়ে ফুল-মালায় বরণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সেখানে উত্তরীয় পরিয়ে ২০৭ পদ্মমালায় তাঁকে বরণ করা হয়েছে। তাঁকে মা দুর্গার মূর্তি উপহার দেওয়া হয়েছে। এরপরই সেখান থেকে নবান্নে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। এরপরই দুপুর সাড়ে ১২টায় নবান্ন সভাঘরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।

প্রশাসনিক বৈঠকে শুভেন্দু

জানা গিয়েছে, আজই, দুপুর দেড়টায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা শুভেন্দু অধিকারীর। এরপর বিকেল ৩ টায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বিকেল ৫ টায় ডিজিপি, পুলিশ কমিশনার-সহ পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন, সল্টলেকে বিজেপির দপ্তরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন। সেখানে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “দলের সঙ্কল্পপত্র যাতে রূপায়িত হয়, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকার বিজেপি সরকার হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।”

আরও পড়ুন: ভাঙবে সিভিক ভলান্টিয়ার মডেল! এবার সরাসরি পুলিশে নিয়োগ? বড় সিদ্ধান্তের পথে সরকার

প্রসঙ্গত, গত ৯ মে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই প্রশাসনিক কাজে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘শাসন নয়, সেবা’, এই মন্ত্রকে সামনে রেখেই পথ চলা শুরু করতে চলেছে বিজেপি সরকার। এখন দেখার সংকল্প অনুযায়ী কতটা সফলতা অর্জন করতে পারে বিজেপি সরকার।