সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ডিএ (Dearness allowance) মামলায় বিরাট নাটকীয় মোড়। নবান্নে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে আপডেট শেয়ার করলেন সরকারি কর্মীরা। চলতি মাসের শেষে DA মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শুভেন্দু অধিকারী আলচনায় বসবেন বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
DA নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক
আগামী ৩০ মে শনিবার নবান্নে ডিএ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। আর এই বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন ডিএ আন্দোলনকারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)। তিনি আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘আগামী ৩০/০৫/২০২৬ তারিখে DA মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক হবে নবান্নে।’ অর্থাৎ অবশেষে এই বিষয়ে সরকারি কর্মীদের কোনও একটা সুরাহা বা হিল্লে হতে চলেছে বলে আশা করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে খুশি বহু মানুষ।
আরও পড়ুনঃ সরকারি কর্মচারীরা আর করতে পারবে না এসব কাজ, সার্কুলার জারি রাজ্যের
সোমবার রাজ্য মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ১৮ মে-র বৈঠকে রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিনের বেতন ব্যবধান কমানো। যদিও বকেয়া ডিএ নিয়ে কিছু বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। আর এই নিয়েই বহু সরকারি কর্মী নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। অনেকে এই সরকারকে মিথ্যুক বলেও দাবি করেছিলেন। যদিও ভাস্কর ঘোষ সেইসময়ে সরকারের ওপর এখনই আস্থা না হারানোর বার্তা দেন। এরপরেই আজ ফেসবুকে পোস্ট করে সকলকে বড় আপডেট দিলেন তিনি।
কী বলছেন মানুষ?
এই নিয়ে এবার বহু মানুষের প্রতিক্রিয়া আসতে শুরু করেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই মুখ্যমন্ত্রী নিজের কর্মচারীদের সাথে বসে আলোচনার সদিচ্ছা টা প্রকাশ করেছেন এটাই অনেক ভালো খবর।’ অন্য একজন লিখেছেন, ‘খুবই ভালো খবর। মুখ্যমন্ত্রী নিজে সংগঠনের সঙ্গে বসবেন আগে এটা ভাবাটাই স্বপ্ন ছিল।’ আরও একজন লিখেছেন, ‘কর্মচারীদের জন্য এটা খুব ভালো খবর DA ফিফটি পার্সেন্ট যাতে পে কমিশনের সময় basic pay সাথে অ্যাড করে তারপর পে-কমিশনটা লাগু করা হয় এবং আমি এটাও বলব ফিটমেন ফ্যাক্টর যাতে সেম টু সেম এইট সিপিসির যা হবে সেটাই যাতে করা হয় এই বিষয়টাতে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে।’










