দার্জিলিং দর্শন করা যাবে না শিলিগুড়ির গাড়ি নিয়ে! ১ সেপ্টেম্বর থেকে লাগু নয়া নিয়ম

Published:

Darjeeling, NJP Station

সহেলি মিত্র, কলকাতাঃ এবারের পুজোয় আপনিও কি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? দার্জিলিং (Darjeeling) যাওয়ার জন্য ট্রেনের টিকিট অবধি কেটে ফেলেছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। পাহাড়ে এবার আশঙ্কার মেঘ দানা বেঁধেছে বলে মনে হচ্ছে। যত সময় এগোচ্ছে ততই ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। আর এর বড় কারণ হল শিলিগুড়ি থেকে গাড়িতে করে দার্জিলিং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার নির্দেশিকা। একটি গাড়ি চালক সংগঠন এই ঘোষণা করে সকলকে অবাক করে রেখে দিয়েছে। এই নিয়ে সাধারণ পর্যটকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার ঘটেছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে না চার চাকা?

জানা গিয়েছে, সকলের উদ্বেগ বাড়িয়েছে দার্জিলিংয়ের গাড়ি চালক সংগঠন ‘সংযুক্ত চালক মঞ্চ’। এই সংগঠনের একটি সিদ্ধান্ত পাহাড় ও সমতলের মধ্যে যে সম্প্রীতি দীর্ঘদিন ধরে ছিল তাতে চিড় ধরিয়েছে বলে মনে করা হচ্ছে। এই সংগঠনটির তরফে শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৬ সালের আগামী ১ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি বা সমতলের কোনও গাড়ি দার্জিলিংয়ে লোকাল সাইটসিয়িং এবং টাইগার হিল ভ্রমণ পরিষেবা প্রদান করতে পারবে না।

সংগঠনের সভাপতি পাসং শেরপা, সহসভাপতি বিধান তামাং, সাধারণ সম্পাদক প্রসন্ন প্রধান এবং যুগ্ম সম্পাদক বিশ্বাস বোমজনসহ অন্যান্য কার্যকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এই সিদ্ধান্ত? সংগঠনের দাবি, পাহাড়ের স্থানীয় চালকদের রুজি-রোটি ও অধিকার রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । ১ সেপ্টেম্বর থেকে সংগঠনের একটি প্রতিনিধি দল দার্জিলিংয়ের বিভিন্ন সাইটসিয়িং পয়েন্টগুলিতে পর্যবেক্ষণ চালাবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবে।

মাথায় হাত পর্যটকদের

শিলিগুড়ি, এনজেপি ও আশপাশের সমতল এলাকার প্রায় ২ হাজার গাড়ি চালক ও মালিক প্রতিদিন পর্যটকদের নিয়ে দার্জিলিং পাহাড়ে যান। লোকাল সাইটসিয়িং ও টাইগার হিল তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস। হঠাৎ নিষেধাজ্ঞার আশঙ্কায় তাঁদের রুজি-রোজগার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রতিবাদে সমতলের গাড়ি মালিক ও চালক সংগঠনগুলি পাল্টা পদক্ষেপের কথা ভাবছে। পাহাড়ের গাড়ি যদি সমতলের গাড়িকে দার্জিলিংয়ে সাইটসিয়িংয়ে বাধা দেয়, তাহলে শিলিগুড়ি, এনজেপি ও বাগডোগরা থেকে পাহাড়ের গাড়িতে পর্যটক তোলার ক্ষেত্রেও বিধিনিষেধের দাবি উঠতে পারে। এতে আখেরে সমস্যায় পড়বেন পর্যটকরাই। গাড়ি বদলানো, অতিরিক্ত খরচসহ নানা সমস্যার মুখে পড়তে হতে পারে তাঁদের। পর্যটন বিশেষজ্ঞদের মতে, পাহাড়-সমতলের সংঘাত নয়, বরং দুই পক্ষের আলোচনার মাধ্যমে ন্যায্য ও সুস্থ নির্দেশিকা তৈরি করেই এই সমস্যার সমাধান করা জরুরি।

আরও পড়ুনঃ ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাণ্ডুয়ায়, গ্রেফতার সেবায়েত সহ এক মহিলা

এ বিষয়ে সংযুক্ত গাড়ি চালক সংগঠনের সভাপতি পাসং শেরপা বলেছেন, “পাহাড়ের স্থানীয় গাড়ি চালকদের রুজি-রোটি ও অধিকার রক্ষার স্বার্থেই আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। সমতলের গাড়িগুলি পর্যটকদের নিয়ে এসে নিজেরাই পুরো সাইটসিয়িং করিয়ে চলে যায়, ফলে পাহাড়ের স্থানীয় চালকরা কাজ হারাচ্ছেন। আমরা চাই সমতলের গাড়িগুলি শুধুমাত্র পর্যটকদের পাহাড়ে পৌঁছে দিক এবং নিয়ে যাক, কিন্তু স্থানীয় দর্শনীয় স্থান ঘোরানোর দায়িত্ব পাহাড়ের চালকদের উপরই থাকুক।”

আরও Car Darjeeling Siliguri