শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, দেখুন রুট ও সময়সূচি

Published:

Sealdah

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। বিশেষ করে শিয়ালদা (Sealdah) বিভাগের যাত্রীদের জন্য রইল দারুণ খবর। মূলত ঈদ-উল-আধা উপলক্ষ্যে শিয়ালদা-লালগোলা শাখায় যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। আপনারও কি কম খরচে শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলা যাওয়ার ইচ্ছা আছে? তাহলে চলুন জেনে নেবেন ট্রেনগুলি সম্পর্কে।

শিয়ালদা-লালগোলা শাখায় একগুচ্ছ ট্রেন দিল রেল

জানা গিয়েছে, আগামী ২৫ মে ০৩১১৯ শিয়ালদা-লালগোলা শাখায় একটি স্পেশাল ট্রেন চলবে। ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে দুপুর ১৫:২০ মিনিট নাগাদ ছেড়ে যাবে। এরপর যাত্রাপথে দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, রাণাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন, বহরমপুর কোর্ট হয়ে লালগোলা ঢুকবে রাত ২০:২০ মিনিটে।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যেই নিয়ম শিথিল, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নর

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এরপর আগামী ২৬ মে ০৩১২০/০৩১১৯ লালগোলা-শিয়ালদা-লালগোলা স্পেশাল ট্রেন চালাবে রেল। ট্রেন নম্বর ০৩১১৯ উল্লেখিত সময়ে চলবে। এরপর ফিরতি পথে ০৩১২০ লালগলা থেকে ভোর ৪:৫০ মিনিটে ছেড়ে যাবে। সেটি শিয়ালদা স্টেশনে পৌঁছাবে সকাল ৯:৫৫ নাগাদ।

ট্রেনের সময়সূচী, স্টপেজ

এরপর আগামী ২৭ মে ট্রেন নম্বর ০৩১২০ উল্লেখিত সময়ে চলবে। এদিকে ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১২১ শিয়ালদা-লালগোলা আপ লোকাল ট্রেন সকাল ১১:৫৫ নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাব। এরপর ট্রেনটি লালগোলা ঢুকবে বিকেল ১৬:৫৫ নাগাদ। সেদিনই আবার ট্রেন নম্বর ০৩১৫৪ লালগোলা-রাণাঘাট ডাউন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, লালগোলা থেকে বিকেল ১৭:৪৫ নাগাদ ছেড়ে যাবে। এরপর সেটি বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন হয়ে রাণাঘাট ঢুকবে রাত ২১:০২ নাগাদ।