তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে ময়দানে ED, ৫ জায়গায় চলছে তল্লাশি

Published:

ED Raids Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: দলের প্রতীক নিয়ে দড়ি টানাটানির মাঝেই ফের খবরের শিরোনামে উঠে এল তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্ক (TMC Bank Account Controversy)। আর এবার সেই মামলার তদন্ত করতেই ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা গিয়েছে, তৃণমূলের কয়েকশো কোটির তহবিল নিয়ে আজ মঙ্গলবার, কলকাতা, সল্টলেক, নিউটাউনের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ED (ED Raids Kolkata)। বাদ যায়নি চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িও।

ED স্ক্যানারে তৃণমূলের তহবিল

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। রাজারহাট, রাধাবাজার, সল্টলেক-সহ পাঁচ জায়গায় তল্লাশি চলছে একযোগে। সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতেও সকাল থেকে অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে উড়ান সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ও। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো ভিভিআইপি-দেরও চার্টার্ড বিমান ভাড়া দিত এই সংস্থাটি। তাই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এই বিমান ভাড়া সত্যিই ডায়মন্ড হারবারের সাংসদ দিতেন কি না।

এখনও উদ্ধার হয়নি নথি

পূর্বতন সরকারের আমলে তৎকালীন শাসকদলের বিভিন্ন নেতার চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে সম্প্রতি তৃণমূলের অন্দরেই বিতর্ক দানা বাঁধে। ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির, উভয় পক্ষই এ নিয়ে মুখ খুলেছিল, তাই সেই বিতর্কের সূত্র ধরেই এবার ময়দানে নামল ED। আপাতত তথ্য বা নথি উদ্ধার নিয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্তরে একাধিক তর্কবিতর্ক শুরু হয়েছিল। যার ফলে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। এদিকে দলের এই অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তার পরেই শুরু হয় অ্যাকাউন্ট বিতর্ক।

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে CAA নিয়ে নতুন বার্তা অমিত শাহের

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন সাইবার প্রতারণার টাকা তৃণমূলের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক, তাই  বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই তৃণমূলের তহবিল সংক্রান্ত বিতর্কে রাজ্যের পুলিশও তদন্তে নেমেছিল। তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে ইতিমধ্যে ‘ডেবিট ফ্রিজ’ করা হয়েছে। এমনকি সাম্প্রতিক কালে এই তহবিল বিতর্কে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের পাঁচ বিধায়ক পুলিশের কাছে নিজেদের বয়ানও রেকর্ড করা হয়েছিল।