সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সেই দিনটি আসতে চলেছে যার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন উখরাবাসী (Ukhra)। তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ। যার জেরে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে সাধারণ বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীদের। আর এই কাজের তৎপরতার জন্য সাধুবাদ জানাতে হয় বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়কে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রেলের কাজ এই ওভারব্রিজ তৈরি করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁর দাবিকে মান্যতা দিয়ে শীঘ্রই তৈরি হতে চলেছে ওভারব্রিজটি।
অবশেষে উখরায় তৈরি হতে চলেছে রেল ওভারব্রিজ
ফেসবুকে রেলের একটি বিজ্ঞপ্তি শেয়ার করেছেন বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়। সেইসঙ্গে লেখেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি কে মান্যতা দিয়ে উখরা রেলগেটের ওপর তৈরি হতে চলেছে রেল ওভারব্রিজ।’ পূর্ব রেলের আসানসোল ডিভিশন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অন্ডাল–সাঁইথিয়া রেলপথের উখরা ও পান্ডবেশ্বর স্টেশনের মাঝামাঝি অবস্থিত লেভেল ক্রসিং গেট বন্ধ করার প্রস্তাব নিয়ে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও লেখা রয়েছে, এর পরিবর্তে সেখানে অ্যাপ্রোচ রোড-সহ একটি রোড ওভার ব্রিজ (ROB) নির্মাণের পরিকল্পনা রয়েছে। পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের নির্দেশের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ দুপুর ১২:৩০টা্র সময়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির যৌথ পরিদর্শন করা হয়েছিল। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রতিনিধি পাঠিয়ে পরিদর্শনে অংশগ্রহণ এবং নির্মাণ সংক্রান্ত মতামত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ এক ফর্মেই সব প্রকল্পের সুবিধা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ভাবনা নবান্নর
উপকৃত হবেন সাধারণ মানুষ
এই ওভারব্রিজের ফলে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আসলে অণ্ডাল-সাঁইথিয়া রুটে ঘন ঘন রেল ও মালগাড়ি যাতায়াতের কারণে বারংবার শঙ্করপুর রেল গেট বন্ধ থাকে। দীর্ঘক্ষণ ধরে রেল গেট বন্ধ থাকায় ফলে দুর্ভোগের শিকার হতেন পথচারীরা। ব্যাপক যানজটের সৃষ্টি হত সবসময়ে। সমস্যায় পড়তেন স্কুল পড়ুয়া সহ অ্যাম্বুল্যান্সে থাকা রোগী ও সাধারণ মানুষ। সর্বোপরি ওই রাস্তা দিয়ে পাণ্ডবেশ্বর, অণ্ডাল ও দুর্গাপুর–ফরিদপুর ব্লকের বহু মানুষের নিত্য যাতায়াত রয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়ক যাওয়ার জন্য এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এহেন পরিস্থিতিতে দীর্ঘদিনের দাবি ছিল শঙ্করপুর রেল গেট এড়িয়ে চলতে রেল ওভার ব্রিজ নির্মাণের। অবশেষে সেখানে কাজ হতে চলেছে আর শীঘ্রই ব্রিজ নির্মাণ হবে বলে আশাবাদী সকলে।










