৪৯৬ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে চায় খাদ্যরসিক আদৃত

Published:

HS Result 2026,

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2026)। বরাবরের মতো ট্রেন্ড বজায় রেখে পূর্ব মেদিনীপুর থেকেই পাশের হার সর্বোচ্চ। তবে এবার ৪৯৬ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল আদৃত পাল (Adrito Pal)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে। সফলতা অর্জন করে তাঁর বক্তব্য, ভবিষ্যতে “জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই আমি।”

উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত

বরানগরের ছেলে আদৃত। ছোট থেকে পড়াশোনায় তুখোর। মাধ্যমিকে একাদশ স্থান অধিকার করেছিল। সেই সাফল্যের ধারা বজায় রেখেই উচ্চমাধ্যমিকে প্রথম। তাঁর কথায়, “মাধ্যমিকের সময় বেশ কিছু ভুল ছিল। তাই প্রত্যাশা মতো ফল পাইনি। একাদশ-দ্বাদশ শ্রেণীতে ভালোভাবে পড়াশোনা করেছি। এবার তার ফল পেলাম। আমার পরিবার, আমার স্কুলের জন্যই আমি এই ফলাফল করতে পেরেছি।  তবে এত ভালো ফলাফল হবে আমি ভাবতে পারিনি।”

ছোটবেলা থেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পড়াশোনা করেছে সে। মা-বাবা আর আদৃত, তিনজনেরই সংসার। উচ্চ মাধ্যমিকের পর জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁর, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমকে। আবাসিক স্কুলের কারণেই তাঁকে নিয়ম মেনে পড়াশোনা করতে হয়। পাশাপাশি খেলাধুলোতেও মনোযোগ রয়েছে তাঁর। কিছু ভুলের জন্য মাধ্যমিকের নম্বর কমে গিয়েছিল। তা বুঝতে পেরেছিল আদৃত। সেই ভুলগুলো শুধরে নিয়েই উচ্চমাধ্যমিকে তুখোর ফলাফল।

আরও পড়ুন: রাস্তার ধারে প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করল রাজ্যে সরকার, না মানলেই জেল!

এদিকে পড়াশোনার পাশাপাশি খাদ্যরসিক হিসেবে পরিচিত আদৃত। পড়ার ফাঁকে ফাঁকে বাড়িতে কী ভালো খাবার রান্না হয়েছে তা খোঁজ করে। মায়ের হাতের রান্না খুবই প্রিয় তাঁর। তবে খাদ্যরসিক এই পড়ুয়া ভবিষ্যতে জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক দূর এগোতে চায় বলেই জানিয়েছে। আদৃতের সাফল্যে গর্বিত তাঁর পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীরা।