দুর্নীতি করলেই লাইসেন্স বাতিল, রেশন নিয়ে চরম হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

Published:

Rationing

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসতেই জোরকদমে কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন দফতরে দফতরে পৌঁছে গিয়েছে নতুন সরকারের নির্দেশিকা। প্রস্ততি তুঙ্গে একপ্রকার। দুর্নীতি বরদাস্ত করা হবে না, এই বার্তা সকলের। এবার এই তালিকায় নাম উঠল  খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। রেশন (Rationing) নিয়ে দিলেন বড় বার্তা।

রেশন নিয়ে চরম হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

কয়েক বছর আগে বাংলায় রেশন ব্যবস্থায় যে দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছিল তা সকলকে অবাক করে রেখে দেয়। তৃণমূল সরকারের আমলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার অবধি করা হয়। পরে অবশ্য তাঁকে জামিন দেওয়া হয়। যাইহোক, একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই নিয়ে এবার বিরাট বার্তা দিতে শোনা গেল নতুন খাদ্যমন্ত্রীকে। দিলেন লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারিও।

আরও পড়ুনঃ সীমান্তে আর ঢিলেমি নয়, ‘চিকেনস নেক’-র সুরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিশীথের

তিনি জানালেন, রেশন দোকান বা মিল মালিক, হোলসেলার কোনও দুর্নীতি করলে লাইসেন্স বাতিল হবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অশোকবাবু। খাদ্যভবনে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন তিনি। এরপরেই তাঁকে বার্তা দিতে শোনা যায় রেশন নিয়ে। জানালেন, রেশনে দুর্নীতি রেয়াত নয়। তাঁর সাফ বার্তা, ‘না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা।’

৭ দিন সময় চেয়ে নিলেন মন্ত্রী

অশোক কীর্তনিয়া জানালেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাকে এক সপ্তাহ সময় দিন। যারা দুর্নীতিতে লিপ্ত হয়েছে, আমি প্রথমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উভয়েই তাঁর ওপর আস্থা রেখে তাঁকে এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন বলে দাবি করে অশোক কীর্তনিয়া বলেন, “এই দপ্তরটিতে ব্যাপক দুর্নীতি ছিল। নেতৃত্ব আমার ওপর আস্থা রাখে বলেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, “রেশন বিতরণে আমি কোনো দুর্নীতি বরদাস্ত করব না। মে মাসে কিছু সমস্যা হতে পারে, কিন্তু জুন মাস থেকে মানুষ উন্নত মানের খাদ্যশস্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাবে।”