প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য গঠনের ক্ষমতা পাওয়ার পরই এবার অ্যাকশনে নামল বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যে পালাবদল হতেই শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) অর্থাৎ চিকেনস নেকের (Chicken Neck) সুরক্ষায় জোর দিতে চলেছে বঙ্গ বিজেপি সরকার। বড় ইঙ্গিত দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।
‘চিকেনস নেকে’র সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ
রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট জানান, চিকেনস নেকের সুরক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হবে। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়াকড়ি হবে যে কোথাও কোনও খামতি রাখা হবে না। এর আগে বাংলায় নির্বাচনের প্রচারে এসে একাধিকবার ‘চিকেনস নেকে’র সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্পর্শকাতর এলাকাগুলি ‘টুকরে টুকরে গ্যাং’ বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাই এবার সেই সব পরিবর্তনে কোমর বেঁধে নামল প্রশাসন।
৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর BSF-কে
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, “এবারের নির্বাচন ছিল ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার। ভারতের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল, তা রক্ষা করার লড়াই ছিল। তাই ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে BSF কে দেওয়া হবে। যা দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে। পূর্বতন সরকারের বিরুদ্ধে এই জমি অধিগ্রহণে অসহযোগিতার যে অভিযোগ এতদিন উঠে এসেছিল, বর্তমান সরকার তা দ্রুত সমাধান করবে।” অর্থাৎ সীমান্ত এলাকার যে দীর্ঘ সাড়ে ৪০০ কিলোমিটার অংশ কাঁটাতারহীন ছিল, সেখানে দ্রুত কাজ শুরু হবে।
আরও পড়ুন: ৭৩ বার প্রত্যাখ্যান, আজ ৫ বিলিয়ন ডলারের ব্যবসার মালিক! জানুন আশিসের কাহিনী
প্রসঙ্গত, চিকেনস নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। ভৌগোলিক অবস্থানগত কারণে স্বাভাবিকভাবেই এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। তাই বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জঙ্গি সংগঠন টার্গেট করে এই চত্বর। এছাড়াও শিলিগুড়ি করিডরের খুব কাছেই বাংলাদেশে বিশেষ ঘাঁটি তৈরি করছে চিন। তাই এই অবস্থায় এলাকার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করতে হচ্ছে সরকারকে। এদিন সাংবাদিক বৈঠকে নিশীথ প্রামাণিক বলেন, “বিজেপিকে দু’হাত তুলে আশীর্বাদ করে মানুষ বুঝিয়ে দিয়েছে, বিজেপি চায়, দেশের নিরাপত্তা মজবুত হোক চায়। এবার আমাদের পালা দেশকে সুরক্ষিত করার।”










