মিলবে বকেয়াও, পুজোর আগেই এইসব কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা সরকারের

Published:

Durga Puja Bonus

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর মুখেই সুখবর। হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালগুলির নিরাপত্তা, সাফাই এবং রোগী পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের পুজোর আগেই বার্ষিক বোনাস (Durga Puja Bonus) দেওয়ার নির্দেশ স্বাস্থ্য ভবনের। গতকাল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পুজোর আগে সরকারের এই ঘোষণা হাসি ফুটিয়েছে কর্মীদের মুখে।

বোনাসের ঘোষণা সরকারের

স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি হাসপাতালগুলিতে যে সমস্ত বেসরকারি এজেন্সির মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হয়েছে, প্রাথমিক পর্যায়ে সেই এজেন্সিগুলিকেই কর্মীদের বোনাসের টাকা মেটাতে হবে। পরবর্তীতে এজেন্সিগুলি বোনাস প্রদানের উপযুক্ত নথিপত্র জমা দিলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেই অর্থ এজেন্সিকে ফেরত দেওয়া হবে।

দুর্গাপুজোর আগে বছরে একবার কর্মীদের এই বোনাস দেওয়া বাধ্যতামূলক। গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে একজন কর্মী মোট যা বেতন পেতেন তার ৮.৩৩ শতাংশ হারে দেওয়া হবে বোনাস। পাশাপাশি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী ৩১ মার্চ শেষ হওয়া হিসাববর্ষে অন্তত ৩০ দিন কাজ করেছেন, তারা এই বোনাস পাওয়ার যোগ্য বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এমনকি কোনও কর্মীর যদি পূর্ববর্তী বোনাসের টাকা বকেয়া থাকে, তাহলে এরিয়ার বোনাস হিসেবে তা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন: শুধু স্মিত নন, ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে এই ৬ বছরের খুদে! কীভাবে জানেন?

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে এই নির্দেশ। গোটা প্রক্রিয়াটি যাতে পুজোর আগেই দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। তবে পুজোর মুখে সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজার হাজার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী।,

google button