সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি কর্মীদের (Government employee) জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অধীনস্থ কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। সরকারের নবান্ন থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গোষ্ঠী বীমা প্রকল্প (GIS)–এর সেভিংস ফান্ডের নতুন সুবিধা ও সুদের হারের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
সরকারের নোটিফিকেশন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই তালিকা কার্যকর হবে। মাসে ১০ টাকার সাবস্ক্রিপশনের ভিত্তিতে ১ মে ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সুদের হার ৭.১% ধার্য করা হয়েছে। বিভিন্ন সময়ের জন্য সুদের হার ৮% থেকে ১২% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যদিও মৃত্যুহার সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। এই স্মারকলিপির সাথে সুবিধাদির পরিমাণ এবং সুদের হারের তালিকাও প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যেই নিয়ম শিথিল, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নর
বিজ্ঞপ্তিতে একটি তালিকা রয়েছে, সেই তালিকায় উল্লেখিত অর্থের পরিমাণ এক ইউনিটের জন্য প্রযোজ্য এবং চূড়ান্ত অর্থ নির্ধারণের পর তা রাউন্ড অফ করা হবে। এই সুবিধা মূলত গ্রুপ-ডি কর্মীদের জন্য নির্ধারিত, তবে উচ্চতর গ্রুপের কর্মীদের ক্ষেত্রে অনুপাত অনুযায়ী হিসাব করা হবে। এছাড়া, চাকরি শেষ হওয়ার মাস পর্যন্ত সমস্ত সাবস্ক্রিপশন বেতন থেকে কাটা হয়েছে বলে ধরা হবে; বকেয়া থাকলে সুদসহ প্রাপ্য অর্থ থেকে তা সমন্বয় করে নেওয়া হবে। এখানে জানিয়ে রাখি, প্রত্যেক সরকারি কর্মচারী তাঁর অবসর গ্রহণের তারিখের পূর্বে মৃত্যু হলে, উক্ত প্রকল্পের অধীনে প্রদেয় অর্থ পাওয়ার অধিকারের জন্য এক বা একাধিক ব্যক্তির অনুকূলে মনোনয়ন করতে পারেন।
এই জিনিসগুলি মাথায় রাখুন
এটা ধরে নেওয়া হয় যে, কোনো সদস্য যে মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন, সেই মাস পর্যন্ত বেতন থেকে কিছু পরিমাণ টাকা সম্পূর্ণরূপে আদায় করা হয়েছে; অন্যথায়, তার প্রাপ্য থেকে সুদ সহ তা কেটে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বর্তমান গোষ্ঠী বীমা প্রকল্প-এর সুদের হার ৭.১%।










