সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার, এবার বড় পদক্ষেপ শিক্ষকদের

Published:

7th Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজ্যবাসীকে একেবারে ঢেলে উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠন করা হবে। সেই মতোই এবার প্রথম বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু এখনও পর্যন্ত এই কমিশন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে কর্মচারী মহলে। সেই সূত্রেই এবার নবান্নের দ্বারস্থ হল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষার কর্মী সমিতি।

মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল কর্মী সংগঠন

এদিন শিক্ষক ও শিক্ষা কমিটি সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে স্বপন মন্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাজ্যের বাজেট পেশের দিন সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হয়েছে। এমনকি সেই অনুযায়ী আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেই কারণে এই কমিশন কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

তাদের স্পষ্ট দাবি, আদৌ বেতন কমিশন গঠন করা হয়েছে কিনা সেই সম্পর্কে ধোঁয়াশা থেকে যাচ্ছে কর্মচারী মহলে। এমনকি সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কমিটির সদস্য বা চেয়ারম্যান কারা হবেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানোই হয়নি। সেই কারণেই সংগঠনের তরফ থেকে এবার সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কর্মচারীদের দাবিগুলি মেটানোর আবেদন জানানো হয়েছে। এমনকি তার পাশাপাশি অবিলম্বে অর্থ দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সকালে ফের কালীঘাটে বাড়ল পুলিশি নজরদারি, মমতার বাড়ির সামনে কড়া নিরাপত্তা

সংগঠনের আরও দাবি, দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি হলে তারা কমিশনের কাছে স্মারকলিপি সময় মতো জমা দিতে পারবেন। এমনকি তারা আশাবাদী যে, রাজ্য সরকার তাদের ন্যায্য দাবিগুলি মান্যতা দেবে এবং সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। কারণ, রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দাবি দীর্ঘদিনের। আগের সরকার সেই দাবিতে কর্ণপাত করেনি। তবে শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় এসেই ডিএ বাড়ানো থেকে শুরু করে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছেন। এখন দেখার এ বিষয়ে কবে বিজ্ঞপ্তি জারি হয়।