অনন্যা সরকার, কলকাতা: এবার রাজ্যবাসীর সমস্যা শোনা ও সমাধান করার জন্য বিশেষ পদক্ষেপ নিল সরকার। জল সরবরাহের অভাব থেকে শুরু করে জমে থাকা আবর্জনা কিংবা জরাজীর্ণ নিকাশি ব্যবস্থা – বিভিন্ন এলাকায় এরকম নানা ছোটখাটো সমস্যা ও অভিযোগ লেগেই থাকে। এছাড়াও, স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন, কিন্তু প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও অনেক সময় কোনও সুরাহা মেলে না বলে ক্ষোভ থাকে মানুষের মনে। এবার সেই ক্ষোভ দূর করতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্ত অভিযোগ শোনার ও সমাধানের জন্য বিশেষ আধিকারিক (Field Level Officer) নিয়োগ করতে চলেছেন।
রাজ্যবাসীর সমস্যা সমাধানে সরকারি আধিকারিকদের নিয়োগ
অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা আগেই চালু হয়েছে। আর এখন সরকার সরাসরি সরেজমিনে সমস্যা সমাধানের লক্ষ্যে ফিল্ড লেভেল অফিসারদের নিয়োগ করতে চলেছে। কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ (Department of Personnel and Administrative Reforms) এই নিয়োগের কথা ঘোষণা করেছে এবং আধিকারিকদের কাজের পদ্ধতিগুলি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সরকার জানিয়েছে যে, নিযুক্ত আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন, তাঁদের সমস্ত অভাব-অভিযোগ শুনবেন এবং সেগুলির সমাধান করবেন।
প্রশাসনিক সূত্র মারফৎ জানা গেছে, জনগণের অভিযোগ শোনার জন্য নির্দিষ্ট দিন ও সময়ও স্থির করা হচ্ছে। এই কাজের জন্য পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিযুক্ত করা হবে বলে শোনা যাচ্ছে। এই আধিকারিকদের তালিকায় রয়েছেন – পুর-কমিশনার, মহকুমাশাসক (SDO) এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO), জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), বিভাগীয় কমিশনার ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: শিক্ষকের জন্য বড় নির্দেশ বিকাশ ভবনের, এবার হবে ‘প্রশস্ত’ প্রশিক্ষণ
সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০:৩০-টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আধিকারিকদের দফতর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। এই নির্দিষ্ট সময়ে আধিকারিকরা অন্য কোনো কাজ করবেন না। তাঁদের অফিসে ইমেল আইডি ও মোবাইল নম্বর স্পষ্টভাবে প্রদর্শিত থাকতে হবে। এছাড়া, জনগণের কথা শোনার সময় জমা পড়া সমস্ত অভিযোগ এবং গৃহীত পদক্ষেপের বিবরণ আধিকারিকদের ‘আপনার সরকার আপনার পাশে’ (Apanar Sarkar Apanar Pashe) পোর্টালে আপলোড করতে হবে।
আরও পড়ুন: শক্তি বাড়াল নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
এই তথ্যগুলি জেলাশাসক, বিভাগীয় কমিশনার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিতভাবে পর্যালোচনা করবেন। সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই উদ্যোগটি অনলাইন অভিযোগ শোনা ও সমাধানের ব্যবস্থার পাশাপাশি চলবে। অনলাইন ব্যবস্থাটি বন্ধ হচ্ছে না। নবান্ন সূত্রে জানা গেছে, যেসমস্ত নাগরিকরা অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের অভিযোগও যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতেই চালু হচ্ছে এই উদ্যোগ।










