সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে আজ (West Bengal Election 2026)। তবে ভোটের মেজাজ দেখে সন্তোষ প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণের গতি জানতে স্বয়ং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালকে ফোন করলেন। ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে খুশি হলেও জায়গায় জায়গায় অশান্তি রুখার জন্য কেন্দ্র বাহিনীকে আরও কড়া হওয়ার নির্দেশ জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)।
কমিশনের ফোনে কড়া বার্তা
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে বাংলার বুথে বুথে ভোটারদের লম্বা লাইন এবং অংশগ্রহণ দেখে নির্বাচন কমিশন খুশি। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম অশান্তির খবর ছড়িয়ে পড়ছে। যেগুলি গুরুত্ব সহকারেই দেখছে কমিশন। এদিন জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয় সেদিকে নজর রাখতে হবে। এ বিষয়ে কোনও রকম আপস করা যাবে না।
এদিকে কমিশনের নির্দেশের পরই রাজ্যের সিইও মনোজ আগরওয়াল রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছেন। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে—কেন্দ্রীয় বাহিনীকে শুধুমাত্র বুথের ১০০ মিটারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেই চলবে না। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ও এলাকায় শান্তি বজায় রাখতে বুথ এলাকার বাইরে গিয়েও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন নিতে পারবে।
আরও পড়ুন: শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে লাগাতার ধর্ষণ! অসুস্থ হয়ে পড়তেই ফাঁস আসল ঘটনা
এদিকে প্রথম দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনী এলাকাগুলিতে মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে ১৫ হাজারেরও বেশি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। আর সেই বুথগুলিতে অতিরিক্ত বাহিনীর পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও ওয়েবকাস্টিং-র মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশন থেকে বুথের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখার সুষ্ঠুভাবে আদৌ ভোটগ্রহণ সম্পন্ন হয় কিনা।










