পঞ্চায়েত কর্মী ও পেনশন প্রাপকদের DA-DR বৃদ্ধির ঘোষণা নবান্নের

Published:

Nabanna

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর আগেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর শোনাল নবান্ন (Nabanna)। এমনিতেই এবারের বাজেটে ২০ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার, যা অক্টোবর মাস থেকে কার্যকর হওয়ার কথা। তবে এবার পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে তা আনুষ্ঠানিকভাবে জানাল শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি এ বিষয়ে আজ একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধি

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর মাস অর্থাৎ আগামী ১ অক্টোবর থেকেই পঞ্চায়েত স্তরের সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের বর্ধিত ডিএ এবং ডিআর কার্যকর হবে। আগের সরকার যেখানে মাত্র ১৮ শতাংশ ডিএ দিত, সেখানে এবার থেকে মিলবে ৩৮ শতাংশ। তবে এই ডিএ কার্যকর হবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। এমনকি এই ডিএ হিসাব করা হবে মূল বেতনের সঙ্গে এনপিএ যুক্ত করেই। এর সঙ্গে আর অন্য কোনও ভাতা যুক্ত থাকবে না বলেই জানানো হয়েছে।

এদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এই হিসাব কিছুটা আলাদা। সেক্ষেত্রে সংশোধিত কাঠামো অনুযায়ী, ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হচ্ছে। ফলে একধাক্কায় বেতন অনেকটাই বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের ক্ষেত্রেও এই বর্ধিত ডিএ এবং ডিআর ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। এছাড়া যে সমস্ত দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা আইনের আওতায় পড়েন না, তাঁদের দৈনিক মজুরি ১১০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এটিও কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

আরও পড়ুন: বাংলায় রোহিঙ্গা গ্রেফতার, অন্নপূর্ণা যোজনায় ধুন্ধুমার…! আজকের সেরা ১০ খবর (২১ আগস্ট)

এদিকে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের উপরে ক্ষোভ উপড়ে দিচ্ছে কর্মচারী সংগঠনগুলি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাবি করেছে, কর্মচারীদের অন্তত ৬৬ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়েছে। এমনকি তার জন্য মোট ৭৭০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলেও দাবি নবান্নের। কিন্তু কর্মচারী সংগঠনগুলির দাবি, এখনও অনেক কর্মচারী এক টাকাও হাতে পাননি। সেই সূত্রেই এবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।