সহেলি মিত্র, কলকাতাঃ তাহলে কি বন্ধই হয়ে গেল মা ক্যান্টিন (Maa Canteen)? বাংলায় ক্ষমতা বদল হয়েছে। তৃণমূল শাসনের অবসান ঘটে শুরু হয়েছে বিজেপির শাসন। এহেন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা শুরু হয়েছিল মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার। এদিকে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বন্ধও হয়ে গিয়েছে বিশেষ ক্যান্টিনটি। ফলে মহাবিপাকে পড়েছেন অভাবী মানুষ। সত্যিই কি তাহলে পাকাপাকিভাবে এই মা ক্যান্টিন বন্ধ হয়ে যাচ্ছে? এই নিয়ে স্পষ্ট জবাব দিল নব নির্বাচিত সরকার।
বন্ধ হয়ে যাচ্ছে মা ক্যান্টিন?
কোভিডের সময় থেকে তৎকালীন সরকার মাত্র ৫ টাকার বিনিময়ে খাবার দেওয়ার জন্য এই মা ক্যান্টিন খোলে। এই ক্যান্টিনের ফলে বহু অভাবী মানুষ একবেলা হলেও পেটভরে খেতে পাচ্ছিলেন। কিন্তু এখন কলকাতা জুড়ে ৫০টিরও বেশি ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। বলে খবর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই মা ক্যান্টিন আর চলবে না? এই নিয়ে বড় আপডেট দিয়েছে বিজেপি সরকার। বন্ধ হচ্ছে না মা ক্যান্টিন।
মিলবে পেট ভরা খাবার
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গরিব মানুষকে অভুক্ত রাখার কোনো অভিপ্রায় নেই বিজেপি সরকারের। ফলে বন্ধ হচ্ছে না মা ক্যান্টিন। শুধুমাত্র পাল্টাচ্ছে নাম, সরানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্থাৎ ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল পাবেন সাধারণ মানুষ। অভাব হবে না খাবারের। অনেকে বলছেন, ‘খুব ভালো। সত্যিই বলছি মাননীয়ার এই প্রকল্পটা আমার খুব ভাল লেগেছিল। কত গরিব মানুষ ৫ টাকায় পেট ভরে খেত। বর্তমান সরকার যে এই প্রকল্প চালু রাখবেন এটাই চেয়েছিলাম।’
আরও পড়ুনঃ বাংলায় অশান্তি ছড়াতে পাক ষড়যন্ত্র! জামাতপন্থীদের মদত দিচ্ছে ISI, দাবি গোয়েন্দা রিপোর্টে
অন্য একজন লেখেন, ‘দারুণ খবর, পাড়ার অসহায় মানুষরা দাঁড়িয়ে ছিল দেখলাম একটু খাবারের প্রত্যাশায়, ওরা যেন বঞ্চিত না হয়। অপর একজন প্রাক্তন সরকারের গুণগান গেয়ে বলেন, ‘নাম পাল্টে দিয়ে এই ক্যান্টিন আবার চালূ হোক। কারো কোন আপত্তি নেই। বহু গরীব মানুষের একবেলা খেয়েও বেঁচে থাকার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পুর্ববর্তী সরকারের খারাপ কাজগুলো বাদ দিয়ে যেগুলো ভালো কাজ – তা চালিয়ে যাওয়া দরকার।’










