সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই বাংলার (West Bengal) রাজনৈতিক পরিবর্তনের আবহে উত্তপ্ত গোটা দেশ থেকে শুরু করে বাইরের দেশগুলিও। আর সেই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দেশের গোয়েন্দারা। সম্প্রতি বাংলাদেশের জামাত নেতা মহম্মদ নুরুল হুদার একটি বিতর্কিত বয়ানকে কেন্দ্র করেই সেই আশঙ্কা আরও জোরালো হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এটি শুধুমাত্র যে বিচ্ছিন্ন মন্তব্য এমনটা নয়, বরং এর পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র (ISI) সুপরিকল্পিত ছক।
কী ছিল সেই বিতর্কিত বয়ান?
আসলে জামাত নেতা নুরুল হুদা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ না করার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি একটি মারাত্মক উস্কানি দেন তিনি। তাঁর আর্জি, যেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ফলাফল গ্রহণ না করেন, আর পশ্চিমবঙ্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন। এমনকি তিনি এও দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার এই পদক্ষেপকে বাংলাদেশের ১৭ কোটি মুসলিম তাঁকে সমর্থন জানাচ্ছে।
তবে ইন্টেলিজেন্স ব্যুরো আধিকারিকের মতে, বাংলাকে স্বাধীন করার দাবি তোলা আইএসআইয-র বহু পুরনো কৌশল। আর কয়েক বছর আগে মুর্শিদাবাদকেও একই ভাবে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পরিকল্পনা চলেছিল। তবে সেই দাবি নস্যাৎ করে দেয় গোয়েন্দা সংস্থা। আর এবার সেই একই ছক কাজে লাগিয়ে জম্মু-কাশ্মীর বা পাঞ্জাবের মতো পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
গোয়েন্দা রিপোর্ট বলছে যে, আইএসআই-র নির্দেশে প্রচার চলছে যে, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারচুপি হয়েছে, এবং রাজ্যের গণতন্ত্র বিপন্ন। এমনকি তাঁদের মূল লক্ষ্য সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলে গণ আন্দোলন তৈরি করা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক অস্থিরতা বজায় রাখা। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বর্তমান সম্পর্কে ফাটল ধরানো।
আরও পড়ুন: ‘ডবল ইঞ্জিন’-র সুফল, বাংলার নয়া সরকারের পাশে দাঁড়ানোর বার্তা শিল্পমহলের
এদিকে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক আবারও উন্নত হতে শুরু করেছে। কিন্তু গোয়েন্দাদের দাবি, এই সম্পর্ক মোটেও ভালোভাবে নিচ্ছে না আইএসআই। সেই কারণেই নুরুল হুদার মতো নেতাদের মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করাচ্ছে, যা সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।










