হাইকোর্টের মহিলা বিচারপতির চেম্বারে ঢুকে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সুজিত বসুর আইনজীবী!

Published:

Suvra Ghosh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) আইনজীবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Suvra Ghosh)। তাঁর অভিযোগ, মামলার রায় ঘোষণার আগেই তাঁর ব্যক্তিগত চেম্বারে ঢুকে মামলার নথি দেখার চেষ্টা করেছেন সুজিত বসুর আইনজীবী। যেই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা। শুধু তাই নয়, আগেই এমন অভিযোগ জানিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মামলা ছেড়ে দিয়েছেন তিনি।

তৃণমূল নেতার আইনজীবীর বিরুদ্ধে মুখ খুললেন বিচারপতি

কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ বিচারপতি শুভ্রা ঘোষ অভিযোগ করেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর এক আইনজীবী তাঁর ব্যক্তিগত সচিবের সাথে আঁতাত করে চেম্বারে ঢুকে মামলার বিভিন্ন নথি বের করে নিয়ে এসে দেখার চেষ্টা করেছিলেন। তবে শেষ মুহূর্তে চেম্বারের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এমনকি, মামলার গুরুত্বপূর্ণ সব নথি তাঁকে দিতে অস্বীকার করেন তাঁরা।

সুজিতের আইনজীবীর এমন কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন বিচারপতি। শুভ্রা ঘোষের কথায়, “রায় ঘোষণার আগে সংরক্ষিত একটি মামলার নথি এভাবে লুকিয়ে দেখার চেষ্টা অত্যন্ত গুরুতর বিষয়।” আর এই ঘটনার নেপথ্যে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন বিচারপতি শুভ্রা। ঠিক সে কারণেই প্রাক্তন মন্ত্রীর মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন।

 

আরও পড়ুন: ভারতকে ঘেরার ছক, পাকিস্তান-সৌদি-তুরস্কের মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে বাংলাদেশও!

প্রসঙ্গত, সুজিত বসুর আইনজীবী নিজের ব্যক্তিগত স্বার্থে এমন কাজ করেছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। এদিকে, কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতির চেম্বারে ঢুকে মামলার নথি হাতানোর চেষ্টা করায় নানা মহলে সমালোচনার শিকার হচ্ছেন সুজিত বসুর আইনজীবী। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী সুখেন্দু শেখর রায়। তাঁর মতে, অবিলম্বে ওই আইনজীবীর বিরুদ্ধে FIR দায়ের করে তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করা উচিত। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও।