বিক্রম ব্যানার্জী, কলকাতা: বঙ্গে ভোট পর্ব (West Bengal Election 2026)মিটলেও যেন থামছে না বিতর্ক! ভোট গণনা কেন্দ্রে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হল? এমন প্রশ্ন তুলেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এমতাবস্থায়, ভোট গণনা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানির দিন তৃণমূল সাংসদকে একেবারে বেঁকা ভাষায় নিশানা করতে দেখা গেল কমিশনের আইনজীবীকে!
শুনানির দিন হাইকোর্টে কমিশন বনাম তৃণমূলের তরজা তুঙ্গে
এদিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি চলাকালীন আইনজীবী তথা তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করতে দেখা যায় কমিশনের আইনজীবীকে। কমিশনের আইনজীবী বলেন, “এটা হাইকোর্ট। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না। আপনি যে অসহায় এবং হতাশ তা বোঝাই যাচ্ছে।” এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি বলেন, “আপনি হাইকোর্টের বিচারপতি ছিলেন নাকি?” সব মিলিয়ে ভোট গণনা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে হাইকোর্টে দেখা গেল তৃণমূল-কমিশন দ্বৈরথ।
এদিকে, ভোট গণনা কেন্দ্রের ভেতরে কেন শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীরা জায়গা পাচ্ছেন? ঠিক কোন কারণ দেখিয়ে রাজ্যের সরকারি কর্মীদের বাদ দেওয়া হচ্ছে? এতদিন নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত না থেকেও কেন বাকি কেন্দ্রীয় কর্মীদের নির্বাচনী প্রক্রিয়ার সাথে জুড়ে দেওয়া হচ্ছে? এমন একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ। তৃণমূল সাংসদ হাইকোর্টে সওয়াল করতেই কমিশনের আইনজীবী পালটা বলেন, ” নিয়ম মেনে এবং বিধি অনুযায়ী আমরা কেন্দ্র এবং রাজ্য উভয়ে ক্ষেত্রে সরকারি কর্মীদের নিয়োগ করতে পারি। তবে কমিশনের নিয়ম মেনেই আমাদের কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ করতে হয়েছে। কমিশন কি আইনের বাইরে? তারা কি আইন বিরুদ্ধে কাজ করছে?”
অবশ্যই পড়ুন: ‘এক্সিট পোল বিজেপির বানানো, ২৩০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি’ ভিডিও বার্তা মমতার
এদিন কল্যানকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের তরফের আইনজীবী। সেই সাথে কমিশনের তরফে এ-ও বলা হয়, শুধুমাত্র আশঙ্কার কারণেই বিরোধী পক্ষের তরফে অভিযোগ করা হচ্ছে। যথাযথ কোনও তথ্য প্রমাণ তাদের কাছে নেই। এদিন রাজ্যের CEO এর পক্ষের আইনজীবী সওয়াল করেন, কেন্দ্রীয় সরকারী কর্মীরা যে গণনার টেবিলে বসে রাজনৈতিক দলের কর্মীদের ভয় দেখাবেন, হুমকি দেবেন এসবের প্রমাণ কোথায়? একেবারে অকারণে এমন সব অভিযোগ তোলা হচ্ছে বলেই দাবি কমিশনের তরফের আইনজীবির।










