বাংলা পাবে আরেকটি নতুন লাইন, কলকাতার সাথে রেলপথে জুড়বে চর্চিত মফস্বল?

Published:

Kolkata-Falta Rail Line

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথামতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল গুঁড়িয়ে ফলতায় উঠেছে গেরুয়া ঝড়। আর তার পরেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে সরাসরি কলকাতার সাথে রেলপথে জুড়বে (Kolkata-Falta Rail Line) ফলতা? এ নিয়ে আগেও বেশ কয়েকবার দাবি তুলেছিলেন সেখানকার বাসিন্দারা। তাতে কাজ না হলেও রাজ্যে পালাবদল হতেই এবার আশার আলো দেখতে পাচ্ছেন ফলতাবাসী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ফলতায় অবাধ বাণিজ্য কেন্দ্র জুড়ে বিরাট শিল্পনগরী তৈরির পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি।। তাছাড়াও ফলতার গ্রামবাসীরা তাদের কৃষিজ পণ্য এবং নানান রকমারি দ্রব্য, হাতে তৈরি জিনিস বিক্রির জন্য কলকাতায় আসেন। সে কারণেই ফলতায় রেল যোগাযোগ অত্যন্ত জরুরী।

ফলতাবাসীর দাবি মেনেই তৈরি হবে রেলপথ?

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, ফলতার মানুষ যদি উন্নয়ন চায় তবে অবশ্যই বিজেপি প্রার্থীকে জেতাক। সেই মতোই, মুখ্যমন্ত্রীর কথা রেখেছেন ফলতার বাসিন্দারা। এর আগে বেশ কয়েকবার এলাকার দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য এলাকাবাসীর কাছে নানান অভিযোগ শুনতে হয়েছিল বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডাকে। শুধু তাই নয়, এলাকাবাসীর দাবি ছিল বিজেপি প্রার্থী যেন জিতে এসে তাঁদের ফলতাকে রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত করেন।

সূত্রের খবর, ফলতার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এবার ডায়মন্ড হারবারের ওই অংশে রেললাইন তৈরির পরিকল্পনা করছে ডবল ইঞ্জিন সরকার। আগেই বিজেপি প্রার্থী দেবাংশু জানিয়ে দিয়েছিলেন, তাঁদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে ফলতার রেল যোগাযোগ ব্যবস্থা। সেটাকেই গুরুত্ব দিতে চান তিনি। শুধু তাই নয়, বিজেপির বর্তমান বিধায়ক তথা ফলতা থেকে জয়ী দেবাংশু বাবু এও বলেছিলেন, ডায়মন্ড হারবার থেকে ফলতা হয়ে বজবজ পর্যন্ত পৃথক লাইন তৈরির জন্য পূর্ব রেল সমীক্ষা করেছিল। বহু আগে তৈরি ওই মার্টিন রেলের লাইনে মালগাড়ি চলত। রেলের তরফে সেই জমি চিহ্নিত করা হয়েছে।

অবশ্যই পড়ুন: নোটার বিরুদ্ধে কঠিন লড়াই লড়তে হবে তৃণমূলকে, ফলতায় জিতেই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফলতার বিধায়কের সংযোজন ছিল, জমি অধিগ্রহণের দায়িত্ব গিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের কাঁধে। ফল প্রকাশিত হলেই পূর্ব রেলের ডিআরএমের সঙ্গে যোগাযোগ করে ফলতায় রেললাইন প্রকল্পের অগ্রগতি নিয়ে সবটা জানতে চাইবেন তিনি। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান। আসলে, ফলতাকে গোটা একটা শিল্পনগরীর রূপ দিতে চাইছে বিজেপি। সেজন্য আনুষাঙ্গিক সব কাজের পাশাপাশি সর্বপ্রথম ফলতায় ট্রেন ছোটাতে রেললাইন নির্মাণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আর এই জয়ের পর এবার ফলতাকে রেল যোগাযোগ ব্যবস্থার সাথে জুড়তে উদ্যোগী হবে ডবল ইঞ্জিন সরকার, আপাতত এমনটাই আশা রাখা যায়।