ঝুলেছিল ৩ বছর, চিংড়িঘাটার পর মেট্রোর আরও এক কাজে অনুমতি দিল কলকাতা পুলিশ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বতন সরকারের আমলে ঝুলে থাকা একের পর এক মেট্রোর (Kolkata Metro) কাজে খুলছে জট। ইতিমধ্যেই রাজ্য সরকারের সহযোগিতায় ট্রাফিক ব্লক করে চিংড়িঘাটার গুরুত্বপূর্ণ অংশে মেট্রোর কাজ শেষ হয়েছে। আর সেই সাফল্যের পর এবার বেলেঘাটা স্টেশনের দুই প্রান্ত সংযুক্ত করে ফুট ওভারব্রিজ তৈরির কাজে হাত লাগালো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। জানা যাচ্ছে, টানা তিন বছর ধরে ঝুলে থাকা এই কাজে অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ।

টানা 45 দিন থাকবে ট্রাফিক ব্লক!

জানা গিয়েছে, বেলেঘাটা স্টেশনের দুই প্রান্তকে যুক্ত করে ওভারব্রিজ তৈরির জন্য মেট্রোপলিটন এবং ইএম বাইপাসের মাঝের অংশে আংশিক ব্লকেজের প্রয়োজন পড়বে। এর জন্য দরকার ছিল নো অবজেকশন সার্টিফিকেটের। পূর্বতন সরকারের আমলে মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার NOC এর জন্য আবেদন জানানো হলেও টানা তিন বছর ধরে ঝুলে ছিল সেই প্রক্রিয়া। তবে পালাবদল হতেই অবশেষে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ছাড়পত্র বা NOC দিয়ে দিল কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক বিভাগ।

কয়েকটি সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরে আটকে থাকা এই বিশেষ প্রকল্পের অধীনে, ইএম বাইপাস এর উত্তর এবং দক্ষিণ লেনের মাঝ বরাবর ফুটওভার ব্রিজের মূল কংক্রিটের পিলার তৈরি করা হবে। জানা যাচ্ছে, এই কাজ সম্পূর্ণ হয়ে গেলেই রেল বিকাশ নিগম লিমিটেড দুই প্রান্ত থেকে ইস্পাতের গার্ডার বসানোর কাজ শুরু করবে। সেই সাথেই হাত দেওয়া হবে অন্যান্য পরিকাঠামোর কাজেও। স্থানীয়দের অনেকেরই বক্তব্য, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চলাচলের জন্য আনুষ্ঠানিক অনুমতি দিয়ে দিয়েছিল রেলওয়ে সেফটি। সেই মর্মে তৈরি করার কথা ছিল বিশেষ ফুট ওভারব্রিজ। তবে এতদিন তার সম্মতি না মিললেও রাজ্য সরকার বদল হতেই অবশেষে শুরু হতে চলেছে কাজ।

অবশ্যই পড়ুন: ৭০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটি50 তেও! যে কারণে ফের রক্তাক্ত হল শেয়ারবাজার

বেলেঘাটা স্টেশনের দুই প্রান্তকে যুক্ত করে ফুট ওভারব্রিজ তৈরি করার জন্য মেট্রোপলিটন ও ইএম বাইপাস এর মাঝের অংশে আংশিক ট্রাফিক ব্লক করতে হবে। শোনা যাচ্ছে, এই বিশেষ কাজের জন্য আগামী 31 মে রাত থেকে অথবা  পহেলা জুন থেকে টানা 45 দিন ইএম বাইপাসে আংশিক ট্রাফিক ব্লক অথবা যান চলাচলের ক্ষেত্রে বিধি নিষেধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের একটি সূত্র দাবি করছে, ওই অংশের কাজ শুরু হয়ে গেলে যে সমস্ত গাড়ি রুবির উদ্দেশ্যে রওনা দেবে তাদেরকে মেট্রো স্টেশনের আগেই বেইলি ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সার্ভিস রোড ধরে মাঠপুকুর ক্রসিং হয়ে ইএম বাইপাসে উঠবে। এছাড়াও, শহরে অফিস টাইমে বা ব্যস্ত সময়ে বাইপাসে যাতে গাড়ির লম্বা লাইন না পড়ে সেজন্য সিগন্যালের সময় আলাদা করে নির্ধারণ করা হবে। লাগানো হতে পারে সাইনবোর্ডও।

google button