কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ, মহালয়াতেই অরেঞ্জ লাইনে মেট্রোর ট্রায়াল রান

Published:

Orange line

সৌভিক মুখার্জী, কলকাতা: দেবীপক্ষেই সাধারণ যাত্রীদের জন্য মিলল বিরাট সুখবর। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা রেল কর্তৃপক্ষের (Kolkata Metro)। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের (Orange Line) সম্প্রসারিত অংশে শনিবার শুরু হচ্ছে ট্রায়াল রান। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে চলতি বছরের শেষ অর্থাৎ ২৫ ডিসেম্বর নাগাদ কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অরেঞ্জ লাইন নিয়ে বিরাট সুখবর দিল মেট্রো রেল

আপাতত অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের কাজ শেষ। শনিবার ট্রায়াল রানের মাধ্যমে মেট্রোর প্রযুক্তিগত এবং পরিচালনাগত ত্রুটিগুলো পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এমনকি ট্রায়ালের পর্যায়ে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও মেট্রো সূত্রে জানা গিয়েছে। ট্রায়াল সম্পন্ন হওয়ার পর রেলওয়ে সেফটি কমিশনার গোটা অংশ পরিদর্শন করবেন। অনুমোদন মেলার পরেই এই লাইনে শুরু হবে যাত্রী পরিবহন।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এই পরিষেবা চালু হয়, তাহলে অনেক কম সময়েই সেক্টর ফাইভে পৌঁছনো সম্ভব হবে। বিশেষ করে দক্ষিণ কলকাতার দিক থেকে সেক্টর ফাইভগামী যাত্রীদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ যানজট। তবে অরেঞ্জ লাইন সেই দুর্ভোগ কমাবে বলেই মত প্রকাশ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: “সরকারের সমালোচনা ও প্রতিবাদ করা গণতন্ত্রের অংশ” বড় রায় কলকাতা হাইকোর্টের

আগের সরকারের আমলে অরেঞ্জ লাইনের অনুমোদনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটার কাজ। তবে রাজনৈতিক পালাবদলের পর প্রায় আড়াই বছর ধরে আটকে থাকা কাজ ৩ দিনেই শেষ হয়। সেই সূত্রেই বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হচ্ছে মেট্রোর ট্রায়াল রান। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের মাত্র ৯ কিলোমিটার অংশে চলে মেট্রো। তবে সেক্টর ফাইভ পর্যন্ত চালু হলে ১৫ কিলোমিটারের বেশি এলাকা কভার করবে মেট্রো রেল। এই লাইনে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ মেট্রো স্টেশন। আপাতত সিআরএস-র পরিদর্শন এবং ছাড়পত্র মিললেই যাত্রী নিয়ে চাকা গড়াবে ট্রেনের।

google button