বাংলার স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’র পাঠ পড়াবে LIC, নির্দেশিকা শিক্ষা দফতরের

Published:

Har Ghar Bima

সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের জীবনবিমা সম্পর্কে সচেতন করতে বিশেষ কর্মসূচি আয়োজন করছে LIC। ‘হর ঘর বিমা’ (Har Ghar Bima) অভিযানের আওতায় এই শিবির হবে। এ বিষয়ে স্কুলগুলিকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুলশিক্ষা দফতর (West Bengal School Education Department)। কলকাতার সব সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষকদের কর্মসূচিতে সহযোগিতা করতে বলা হয়েছে।

এবার স্কুল পড়ুয়াদের জীবনবিমা সম্পর্কে পাঠ দেবে LIC

জানা গিয়েছে, কলকাতার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতার সব সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। এলআইসির জওহরলাল নেহরু রোড শাখার আবেদনের ভিত্তিতে, স্কুলশিক্ষা ডিরেক্টরেটের অনুমোদন ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন একাংশের শিক্ষক সংগঠন, যদিও এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে অন্য একটি সংগঠন।

কী বলছে শিক্ষক সমাজ?

কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘এই উদ্যোগের সারবত্তা দেখছি না। বিমা সম্পর্কে বর্তমানে সকলেই ওয়াকিবহাল। এ জন্য পৃথক উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছি  না।’ তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক।

আরও পড়ুনঃ পড়াশোনায় বাধা দিয়েছিল গ্রামবাসী, UPSC ক্র্যাক করে IAS হয়ে যোগ্য জবাব চাষির মেয়ের

 তিনি বলেছেন, ‘খুবই ভাল উদ্যোগ। এর ফলে সকলেই উপকৃত হবে। বিমার মতো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে তথ্য সকলেরই জানা প্রয়োজন।’ এখন দেখার এই বিশেষ অভিযানের মাধ্যমে পড়ুয়ারা কীভবে উপকৃত হয়।