হাইকোর্টের নির্দেশ মানতে আপত্তি, ধর্মীয় অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে মহুয়া

Published:

Mahua Moitra

প্রীতি পোদ্দার, কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলা নিল নয়া মোড়, এবার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। জানা গিয়েছে ওই মামলায় হাইকোর্ট (Calcutta High Court) তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিলেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আর তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন দাখিল করলেন তিনি। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে।

অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেয়েছিলেন মহুয়া

উল্লেখ্য, গত ১ জুলাই নদিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর কনভয়ের দিকে রীতিমত ডিম ও পাথর ছোড়া হয়েছিল। আর সেই সময় বোরখা প্রসঙ্গে তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে আর তাই এই অভিযোগ তুলে হোগলবেড়িয়া থানায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আর সেই মামলায় সম্প্রতি হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁকে অন্তর্বর্তী আইনি সুরক্ষা দিয়েছিলেন। এবং জানিয়েছিলেন যে, মামলার তদন্ত আইন অনুযায়ী চলবে এবং তদন্ত প্রক্রিয়ায় সাংসদকে সহযোগিতা করতে হবে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহুয়া

হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছিল যে আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় মহুয়া মৈত্রকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে হবে। এবং ওই সময় যাতে তাঁর নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে তার দায়িত্ব নেবে পুলিশ। এবং তিনি যাতে কোনও ধরনের হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে তদন্তকারী সংস্থাকে। এটাও নির্দেশ দেওয়া হয়, আগামী ৫ অক্টোবর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কিন্তু হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন: এবার NCPI-তে রাজীব কুমার? কাকলীদের সাথে এক টেবিলে তৃণমূল সাংসদ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় হাই কোর্টের নির্দেশে আংশিক স্বস্তি মিললেও তদন্তে হাজিরার নির্দেশ এবং তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশে অস্বস্তিতে পড়েছেন সাংসদ। তাই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। এখন দেখার শীর্ষ আদালত এই মামলায় কী নির্দেশ দেয় এবং তদন্ত প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়ে।