পুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা! আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে

Published:

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মরশুমে ফের আতঙ্কের ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে (Murshidabad)। দুর্গাপুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টার (Durga Puja Pandel Fire Attempt) অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। ক্ষমতার রদবদলের পর প্রথমবার বাংলায় বিজেপি সরকারের অধীনে হতে চলেছে দুর্গাপূজা। তাই স্বাভাবিকভাবে সকলেরই এই পুজো নিয়ে বেশ আগ্রহ বাড়ছে। কিন্তু এই আনন্দ উত্তেজনার মাঝে বেশ কয়েক জায়গায় পুজো নিয়ে বাড়ছে আতঙ্ক, এবার সেই আতঙ্ক দেখা গেল মুর্শিদাবাদে।

দুর্গাপুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন!

হাতে মাত্র আর কয়েকদিন, তারপরেই উৎসবের মরশুমে গা ভাসাতে চলেছে রাজ্যবাসী। পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপ সজ্জার শেষ প্রস্তুতি। এমতাবস্থায় এক ভয়ঙ্কর চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে। অভিযোগ, সেখানকার লালবাগের নাকুরতলা দুর্গাপুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠল কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু দুর্ঘটনা ভয়ংকর আকার ধারণ করার আগেই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। এদিকে বিপদের আশঙ্কা কেটে গেলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে হাজির পুলিশ

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অসংখ্য দেশলাই কাঠির বান্ডিল। শুধু তাই নয়, প্যান্ডেলের বাঁশের গায়ে গায়ে বেঁধে রাখা হয়েছে অসংখ্য দেশলাই কাঠি। সকলের ধারণা এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনার পারদ চড়তেই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশ। গোটা বিষয়ে নিয়ে তাঁরা তদন্ত করার আশ্বাস দিয়েছেন। ঠিক কীভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও ঘটনার সঙ্গে কোনও ব্যক্তিগত বা অন্য কোনও কারণ জড়িয়ে রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা ইতিমধ্যেই স্থানীয় পুলিশ অনেকজনকেই জিজ্ঞাসাবাদ করেছে।

আরও পড়ুন: ‘ঋতব্রত না, মমতার সঙ্গেই থাকব’ কালীঘাট তৃণমূলে ফিরছেন এক বিধায়ক

এদিকে ঘটনার পর থেকেই পুজো কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুনরায় যাতে এই ঘটনা না ঘটে তার জন্য মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। পাহারা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

google button