প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই জলপথে যাতায়াতের জন্য এক অত্যন্ত আধুনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করে আসছিল বঙ্গ বিজেপি সরকার (Government Of West Bengal)। আর এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। কলকাতার পাশাপাশি এবার নন্দীগ্রামেও (Nandigram) চালু হচ্ছে ওয়াটার মেট্রো (Water Metro)। গতকাল মঙ্গলবার থেকে শুরু হল ওয়াটার মেট্রোর ট্রায়াল। খুব শীঘ্রই সেই পরিষেবা পাবেন এখানকার মানুষ। তাই নিঃসন্দেহে এটি নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকার মানুষের জন্য বড় সুখবর।
নন্দীগ্রামে এল ওয়াটার মেট্রো
রাজ্যে ওয়াটার মেট্রোর ঘোষণা আগেই করেছিল বিজেপি সরকার। জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা একদিকে যেমন পরিবেশবান্ধব গণপরিবহণ ঠিক তেমনই আবার দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো। তবে এই পরিষেবা এখনই চালু হচ্ছে না, কারণ এখন চলছে ট্রায়াল পর্ব। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকালে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের একটি অত্যাধুনিক ওয়াটার মেট্রো নন্দীগ্রাম জেটি ঘাটে এসে পৌঁছয়। সাদা-নীল রঙের ওই জলযান হলদিয়া ফেরিঘাট ছেড়ে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাটে যায়। প্রশাসনিক সূত্রে খবর, ট্রায়াল সম্পূর্ণ হলেই শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা।
যাত্রী ভাড়া কত?
প্রশাসন ধারণা, এই ওয়াটার মেট্রো উদ্বোধনের পরে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীপথে আধুনিক গণপরিবহন চালুর মাধ্যমে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ভবিষ্যতে পর্যটনেরও নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে যাত্রী পিছু কত ভাড়া নেওয়া হবে এবং কখন কখন এই পরিষেবা মিলবে এই নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছ, হলদিয়া উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে পরিষেবা প্রদান হবে।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে দেরি কলকাতা-চেন্নাই বিমান, কলকাতা এয়ারপোর্টে তুমুল বিক্ষোভ যাত্রীদের
প্রসঙ্গত, দেশে প্রথম কেরালার কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছিল। এর পরে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছিল ভারতের বেশ কয়েকটি শহরে এই পরিষেবা নিয়ে আসা হবে। এর মধ্যে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। এছাড়াও তালিকায় রয়েছে তেজপুর, ডিব্রুগড়। আর এবার ১৮ তম শহর হিসেবে সেই পরিষেবা চালু হতে চলেছে কলকাতায়।










