ঝাড়গ্রামে রাস্তার ধার থেকে ঝালমুড়ি কিনে খেলেন মোদী, টাকাও দিলেন দোকানদারকে

Published:

Narendra Modi

সৌভিক মুখার্জী, ঝাড়গ্রাম: ভোটমুখী বাংলায় জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, ঝাড়গ্রাম একাধিক জায়গায় প্রচার অভিযান ছিল প্রধানমন্ত্রীর। তবে ঝাড়গ্রামের (Jhargram) প্রচার সেরেই অন্য মেজাজে দেখা গেল দেশের সর্বোচ্চ নেতাকে। একেবারে পথের ধারে দাঁড়িয়েই ঝালমুড়ি কিনে খাচ্ছেন মোদী, যা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ঝালমুড়ি কিনে খেলেন মোদী

রবিবার ঝাড়গ্রামের প্রচার সেরে রাস্তার ধারের একটি দোকান থেকে মুড়ি কিনে খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মুড়ি নয়, বলতে গেলে ঝালমুড়ি। বাঙালির অন্যতম জনপ্রিয় খাবার। এমনকি প্রধানমন্ত্রীর মুড়ি খাওয়া দেখে সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আর বেশ কিছু সূত্র বলছে, মোদী ওই দোকানদারকে ১০ টাকা দিয়েছেন মুড়ির জন্য। এমনকি ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি বাচ্চার হাতে মুড়ি ঢেলে দিচ্ছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং নেটিজেনরা তাঁর সরলতার জন্য বিভিন্ন রকম মন্তব্যও করছেন।

এদিকে ঝাড়গ্রামের সভা থেকে একাধিক মন্তব্য করেছেন তিনি। কার্যত তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন মোদী। তিনি বলেন, এখানে একবার বিদ্যুৎ চলে গেলে তা আর ফিরে আসে না। বরং বিদ্যুতের বিল চলে আসে। তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের জন্য বাংলায় সবকিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে। মোদী হুঁশিয়ারি দেন, তৃণমূলের গুন্ডারা সব তৈরি হয়ে যাও। ২৯ এপ্রিলের মধ্যেই থানায় গিয়ে আত্মসমর্পণ করো। নাহলে পরে আর সময় পাবে না। খুঁজে খুঁজে সবাইকে শায়েস্তা করা হবে।

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডে আজও পায়নি চাকরি মৃতদের পরিবার, আশায় দিন গুনছে পরিজনরা

এমনকি মোদী বাংলায় উন্নয়নমূলক প্রকল্প নিয়েও একাধিক ঘোষণা করেছেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে প্রত্যেক মহিলাকেই দেওয়া হবে ৩০০০ টাকা করে। এমনকি বিদ্যুৎ বিল শূন্য করার প্রকল্প চালু করেছে কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে মুক্ত বিজলি যোজনা। এর মাধ্যমে এক পরিবার সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করে নিজের ঘরে সোলার প্যানেল বসাতে পারবে। এদিকে তিনি বেকারদের নিয়েও কথা বলেছেন, এবং কর্মসংস্থান নিয়েও সুর চড়িয়েছেন মোদী।