সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। অনেক হল ট্রেন কিংবা বিমান, এবার বাসে করে বিদেশ ভ্রমণ আরও সহজ হল। বিশেষ করে এবার কলকাতা থেকে বিদেশ যাওয়ার আরও একটি বাস চালু হল। গন্তব্য ভুটান। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আপনিও কি বিমানে করে ভুটান যাওয়ার কথা ভেবে চিন্তিত? অনেক ভাড়া বলছে? তাহলে জানিয়ে রাখি, এবার বাসে করে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে ভুটান (Kolkata-Bhutan Bus)। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
কলকাতা থেকে ভুটান অবধি চালু আরও একটি বাস
জানা গিয়েছে, কলকাতার সাঁতরাগাছি, এসপ্ল্যানেড থেকে বেসরকারি বাস সংস্থা Raipur Cruiser একদম ঝাঁ চকচকে ভুটান যাওয়ার নতুন বাস পরিষেবা চালু করেছে। জানা গিয়েছে, বাসটি বাংলা-ভুটান বর্ডার জয়গাঁ অবধি যাবে। বাসটি একদমই নতুন। সর্বোপরি, এই বাসটি এতটাই প্রিমিয়াম যে বাসে ভ্রমণ করছেন নাকি বিমানের বিজনেস ক্লাসে আছেন ধরতে পারবেন না।
বাসের সময়সূচী ও ভাড়া
এবার আসা যাক বাসের ভাড়া ও সময়সূচী সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, বাসটি সাঁতরাগাছি থেকে বিকেল ৪:৩০ নাগাদ ছাড়বে। বাসটির বিভিন্ন বোর্ডিং পয়েন্ট রয়েছে। যেমন রবীন্দ্র সদন, এসপ্ল্যানেড, শিয়ালদা রাজাবাজার, মানিকতলা, রাজাবাজার ইত্যাদি জায়গা থেকে আপনি আপনার সুবিধা মতো বাসটিতে উঠতে পারবেন।
আরও পড়ুনঃ পাহাড়ের উঁচুতে প্রাচীন সতীপীঠ, ঘুরে আসুন গরমের ছুটিতে
বাসটি আপনাকে ১৭ ঘণ্টার বেশি সময়ের মধ্যে ভুটান বর্ডার জয়গাঁতে নামিয়ে দেবে। ভাড়া সম্পর্কে বললে, কলকাতা থেকে ভুটান যেতে এসি বাসে আপনার খরচ পড়বে ২৬৯৯ টাকা মতো। বাসটি পুরোটাই স্লিপার, অর্থাৎ শুয়ে বসে আরামে আপনি পৌঁছে যেতে পারবেন ভুটান। শুধু কি তাই! এই বাসে আপনি পেয়ে যাবেন বাথরুমও। অর্থাৎ লম্বা বাস যাত্রা সত্ত্বেও বাথরুম ব্রেক নিয়ে চিন্তা করতে হবে না। মন প্রাণ ভরে জল খেতে পারবেন। তাহলে আর দেরি না করে এই গরমে ঠান্ডা হতে ঘুরে আসুন ভুটান।










