বিজেপি আসতেই বন্ধ হল রোহিণী টোল প্লাজা, দার্জিলিং যেতে দিতে হবে না ট্যাক্স

Published:

Rohini Toll Plaza

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় পালাবদল ঘটেছে বাংলার। দীর্ঘ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে গো হারা হারিয়ে এবার ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। এতেই যেন হাফ ছেড়ে বেঁচেছে আমজনতা। এতদিন তৃণমূলের অপশাসনের আওতায় বেআইনিভাবে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে টোল আদাই করা হত। তবে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যজুড়ে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেল। উঠে গেল রোহিণী টোল প্লাজা (Rohini Toll Plaza)। ফলে দার্জিলিং যেতে আর ড্রাইভারদের দিতে হবে না টাকা।

বন্ধ হল রোহিনী টোল প্লাজা

সূত্রের খবর, বিজেপি ক্ষমতায় আসার পরই জিএনএলএফ গোষ্ঠীর বিক্ষোভের জেরে বন্ধ হয়েছে এই রোহিণী টোল প্লাজা। এতদিন যাবৎ দার্জিলিং, কার্শিয়াংগামী গাড়িগুলিকে দাঁড় করিয়ে জিডিএ-র তরফ থেকে আদায় করা হত টোল। এমনকি ড্রাইভারদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হত বলে অভিযোগ। তবে রাজ্যের ক্ষমতায় পালাবদল হতেই বৃহস্পতিবার সেখানে বিজেপি সমর্থনকারী দল জিএনএলএফ বিক্ষোভ দেখায়। জনরোষের মুখে পড়েই টোল আদাই কর্মীরা ওখান থেকে চলে যায় এবং বন্ধ হয়ে যায় ওই টোল প্লাজা। যে কারণে খুশিতে আত্মহারা গাড়িসহ ট্রাক চালকরা। ফলত এখন অনায়াসেই দার্জিলিঙে যাওয়া যাবে। এমনকি এই টোল আবারও চালু করলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জিএনএলএফ।

তবে শুধু রোহিণী টোল প্লাজা নয়, বরং শিলিগুড়ির ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকাতেও দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে বেআইনিভাবে টোল আদায় করা হত। তবে সরকারের পালাবদল হওয়ায় বিজেপি কর্মী ও সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং তারাও পাততাড়ি গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। সূত্রের খবর, এই টোল প্লাজাটি সিপিএম আমল থেকে চালু ছিল। তবে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তার দায়িত্ব নিয়েছিল শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এমনকি কোনও রশিদ ছাড়াই প্রতি গাড়ি পিছু ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত টোল আদায় করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এই অবৈধ টোল প্লাজা উঠে যাওয়াতেও খুশি গাড়ি চালকরা।

আরও পড়ুন: তামিলনাড়ুতে নয়া টুইস্ট, বিজেপির মোক্ষম চালে কংগ্রেসের স্বপ্ন হবে চূর্ণ

বিশেষ করে দীর্ঘদিনের এই তোলাবাজি বন্ধ হওয়ার কারণে সবথেকে বেশি খুশি হচ্ছেন ট্রাক চালকরা। তামিলনাড়ু থেকে আসা এক ট্রাক চালকের কথায়, বাংলায় ঢুকলেই অকারণে বিভিন্ন জায়গায় মোটা অংকের টোল দিতে হত। এখন থেকে আশা করা যাচ্ছে, বিজেপি সরকারের আওতায় সারাদেশেই নির্দ্বিধায় ট্রাক চালানো যাবে। অবৈধভাবে আর টাকা দিতে হবে না।