ভোটের দিনই সভা, অভয়ার মায়ের সমর্থনে পানিহাটিতে আসছেন প্রধানমন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 12 বছরে বিরোধী শক্তির কাছে বড় পরাজয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের। সংসদে নারী সংরক্ষণ বিল সহ এর সাথে জড়িত বাকি বিলগুলি পাস করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। আর তারপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের নারী বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। তবে বিল পাস করতে ব্যর্থ হলেও বাংলার রাজনৈতিক ভূমিতে হারতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি। আর সে কারণেই পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে ভোট চাইতে আসছেন নরেন্দ্র মোদি (PM Modi Panihati Meeting)।

কবে পানিহাটিতে আসছেন প্রধানমন্ত্রী?

আজ, রবিবার বাংলায় ভোট প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুরে সভা করার কথা রয়েছে তাঁর। কমবেশি প্রত্যেকটি সভাতেই মহিলা সংরক্ষণ বিল পাস করাতে গিয়ে বিরোধীদের সমর্থন না পাওয়ার বিষয়টি তুলে ধরবেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর সাথে সাথে বাংলায় ভোট প্রচারে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে নীতিন নবীন এমনকি জেপি নাড্ডাও।

এরই মাঝে শোনা যাচ্ছে, আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোটের দিন পানিহাটির বিজেপি প্রার্থী আর জি কর হাসপাতালে নির্যাতিতা তথা অভয়ার মায়ের সমর্থনে পানিহাটিতে সভা করবেন প্রধানমন্ত্রী। বলাই বাহুল্য, 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন বাংলার 152টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ঠিক সেই দিনই পানিহাটিতে অভয়ার মায়ের জন্য সেখানকার বাসিন্দাদের কাছে ভোট চাইবেন নরেন্দ্র মোদি। একই সাথে এদিন আর জি কর হাসপাতালে নির্যাতিতার সাথে হওয়া অমানবিক ঘটনার কথাও বঙ্গবাসীকে নতুন করে আরও একবার স্মরণ করিয়ে দেবেন প্রধানমন্ত্রী।

অবশ্যই পড়ুন: আফ্রিকায় মেড ইন ইন্ডিয়ার দাপট, মোজাম্বিকে রেল ইঞ্জিন পাঠাল ভারত

উল্লেখ্য, উত্তর 24 পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ শহর পানিহাটিতে অভয়ার মায়ের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন সেখানকার স্থানীয় তৃণমূল নেতা নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। ঘাসফুল শিবিরের সেই প্রার্থীর বিরুদ্ধে নিজের সর্বস্ব দিয়ে প্রচার চালাচ্ছেন অভয়ার মা এবং বিজেপি স্থানীয় নেতা কর্মীরা। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। এদিনই নিজেদের মূল্যবান ভোট দেবেন পানিহাটির বাসিন্দারা।