প্রীতি পোদ্দার, কলকাতা: দফায় দফায় ১৪২টি আসনে জোরকদমে চলছে ভোট (West Bengal Election 2026)। সকাল থেকেই বেশ কয়েকটি বুথে ব্যাপক লাইন দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট (Voting Rate) পড়েছিল ৪১.১১%। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভোটের দিক থেকে খানিকটা পিছিয়ে রয়েছে দ্বিতীয় দফা। তবে ভোট দানের হারে সবথেকে বেশি এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা (Purba Bardhaman)। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
এগিয়ে পূর্ব বর্ধমান জেলা
রিপোর্ট মোতাবেক, রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে সবথেকে বেশি এগিয়ে পূর্ব বর্ধমান জেলা। সেখানে সকাল ১১ টা পর্যন্ত ভোট দান হয়েছে ৪৪.৫০ শতাংশ। সবথেকে পিছিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা। সেখানে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ। হাওড়াতে ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ, উত্তর কলকাতাতে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ, নদিয়াতে ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৮.৪৩ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৭.৯২ শতাংশ ভোট উঠে এসেছে। যা হিসেব করলে প্রথম দফার ভোটের তুলনায় অনেকটাই কম।
ভোটের হার সকাল ৯টা পর্যন্ত
আজ দ্বিতীয় দফার সকাল ৯টা পর্যন্ত মোট ভোট প্রদানের হার ছিল ১৮.৩৯ শতাংশ। এবং প্রথম দফায় ১৫২ আসনে পড়েছিল ১৮.৭৬ শতাংশ। যদিও ২০২৪ সালের লোকসভা ভোটের সাত দফাতে সকাল ৯টা পর্যন্ত যে ভোটদানের হার ছিল, তার থেকে এ বারের দুই দফাই অনেকটা এগিয়ে। এখন দেখার আজ কোনো রেকর্ড গড়তে পারে কিনা। চলতি বছর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন।
আরও পড়ুন: গরমে কাহিল পড়ুয়ারা! এবার স্কুল টাইম এগোনোর আর্জি জানালেন শিক্ষকেরা
প্রসঙ্গত সকাল ৯টা পর্যন্ত আসনভিত্তিক ভোটের হারের তথ্য প্রকাশ্যে এনেছে কমিশন। জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় দফায় ১৪২টি আসনের মধ্যে ভোটের হার সবচেয়ে বেশি মন্তেশ্বরে, সেখানে ২২.৫৩ শতাংশ ভোট হয়েছিল। সবচেয়ে কম ভোট পড়েছিল মহেশতলায়, সেখানে ১৪.৯০ শতাংশ ভোট পড়েছিল। পাশাপাশি ভাঙড় এবং ভবানীপুরে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ছিল যথাক্রমে ১৫.১৯ শতাংশ এবং ১৭.০৮ শতাংশ।










