কাঁকিনাড়া স্টেশনের কাছে উল্টে গেল ট্রেন! ফের বাংলায় রেল দুর্ঘটনা?

Published:

Kankinara

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বাংলায় রেল দুর্ঘটনা? নৈহাটির কাঁকিনাড়া (Kankinara) স্টেশনে ঢোকার আগেই উল্টে গেল আস্ত একটা ট্রেন। ছবি দেখে কার্যত শিউরে উঠছে আমজনতা। বেশ কয়েকটি ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত জিআরপি থেকে শুরু করে এনডিআরএফ, আরপিএফ, দমকল আধিকারিক, সেনাবাহিনী। তবে না, কোনও দুর্ঘটনা নয়, বরং রেলের তরফ থেকে চালানো হচ্ছে বিশেষ মহড়া অভিযান। দুর্ঘটনার সময় যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তা নিশ্চিত করতেই এই কর্মসূচির আয়োজন।

কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনা?

আসলে ভারতে ট্রেন দুর্ঘটনার হার আগের থেকে অনেকটা কমে আসা সত্বেও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। ২০২১ সালে করমন্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও অনেকের মনে তাজা। মৃত্যু হয়েছিল তিনশোর বেশি মানুষের। তবে আকস্মিক এই দুর্ঘটনার সময় রেলওয়ে পুলিশ থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা বাহিনী বা দমকল বাহিনী কীভাবে পরিস্থিতি সামাল দেয় তা পর্যবেক্ষণ করার জন্যই এই বিশেষ মহড়ার আয়োজন করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।

বিগত বছর এমনই এক মহড়ার আয়োজন করা হয়েছিল পুরুলিয়া রেল স্টেশনের কাছে। এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির অন্তর্গত কাঁকিনাড়া স্টেশনে ঢোকার মুখেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি কোচ লাইনের উপর উল্টে দেওয়া হয়েছে। এমনকি সেখানে উপস্থিত হয়েছে জিআরপি, এনডিআরএফ, আরপিএফ, দমকল আধিকারিক, সেনাবাহিনী। পাশাপাশি অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে, যাতে খুব দ্রুত আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়।

আরও পড়ুন: “১৫ বছর জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে” যাদবপুরের মঞ্চ থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এটিকে দুর্ঘটনা বলে ভেবে মোটেও ভুল করবেন না। শুধুমাত্র রেলের তরফ থেকে নেওয়া একটি বিশেষ কর্মসূচি মাত্র। দুর্ঘটনা ঘটলে কত দ্রুততার সঙ্গে এই টিম কাজ করতে পারে এবং ঘটনাস্থলে পৌঁছতে পারে, তা দেখার জন্যই এই উদ্যোগ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনের কাছাকাছি এলাকায় এই মহড়ার আয়োজন করে থাকে কর্তৃপক্ষ।