দিল্লি, শিমলা যাওয়া আরও সহজ, হাওড়া থেকে নতুন ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি

Published:

Howrah-Anand Vihar Train

সহেলি মিত্র, কলকাতাঃ গরমে হাঁসফাঁস করছেন? ভাবছেন পাহাড়ে গেলে কেমন? কিন্তু ট্রেনের টিকিট কোথায়! চিন্তা নেই, আপনার জন্য সুখবর শুনিয়েছে রেল। এবার হাওড়া থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রতি বছর গরমের সময়ে ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে। সব যেন ঝাঁকে ঝাঁকে পাহাড়ের উদ্দেশ্যে যান। সে উত্তরবঙ্গ হোক বা দেশের অন্যান্য কোনও পাহাড়ি জায়গা, ট্রেনের টিকিট অমিল হয়ে পড়ে। তবে এবারে আর তা হবে না, কারণ যাত্রীদের সুবিধার কথা এবং গ্রীষ্মকালে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ০৩০১১/০৩০১২ হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল-হাওড়া গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন (Howrah-Anand Vihar Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

হাওড়া থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

এখন নিশ্চয়ই ভাবছেন হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল ট্রেনের সঙ্গে পাহাড়ের কী সম্পর্ক? তাহলে জানিয়ে রাখি, আপনি নয়াদিল্লি পৌঁছে রাতের বাস ধরে বা প্রাইভেট গাড়ি ভাড়া করে কাশ্মীর, উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ, শিমলার মতো বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন। ফলে গরম থেকে কিছুদিনের জন্যে হলেও রক্ষা মিলবে। যাইহোক, রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০১১ হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল সামার স্পেশাল ট্রেনটি ২২শে মে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী পথে আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

আরও পড়ুনঃ ফিরিয়ে দিতে হবে চিটফান্ডের টাকা, রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

ফিরতি পথে, ০৩০১২ আনন্দ বিহার টার্মিনাল – হাওড়া সামার স্পেশাল ট্রেনটি ২৫ মে আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী পথে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ট্রেনটিতে ১৮টি স্লিপার ক্লাস, ২টি দ্বিতীয় শ্রেণীর কামরা এবং ২টি এসএলআরডি মিলিয়ে মোট ২২টি কোচ থাকবে।

এক নজরে ট্রেনের সময়সূচী ও স্টপেজ

এবার জেনে নেওয়া যাক ট্রেনের সময়সূচী এবং স্টপেজ সম্পর্কে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ০৩০১১ হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি ২২ মে সকাল ১১:১০ নাগাদ হাওড়া থেকে ছাড়বে। এরপর ট্রেনটি ২৩ মে আনন্দ বিহার ঢুকবে রাত ২২:১০ নাগাদ। অন্যদিকে ট্রেন নম্বর ০৩০১২ আনন্দ বিহার-হাওড়া স্পেশাল ট্রেনটি ২৫মে আনন্দ বিহার থেকে ছাড়বে রাত ২:১৫ নাগাদ এবং সেটি ২৬মে হাওড়া ঢুকবে সকাল ৯:২০ নাগাদ। ট্রেনটি যাত্রাপথে বর্ধমান, রামপুরহাট জংশন, জসিডি, দুমকা, পাটনা জংশন, ডিডিইউ জংশন, প্রয়াগরাজ জংশন, গোবিন্দপুরী স্টেশনেও থামবে।