দুর্গাপুরে পাঁচটি নতুন ইলেকট্রিক এসি বাস চালু করল SBSTC, কোন কোন রুটে চলবে?

Published:

Durgapur Electric AC Bus

অনন্যা সরকার, পশ্চিম বর্ধমান: পুজো শুরুর আগে দুর্গাপুরের বাসিন্দাদের জন্য সুখবর। পাঁচটি নতুন বিদ্যুত-চালিত শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা (Durgapur Electric AC Bus) চালু করল সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC)। এই পরিবেশ-বান্ধব অত্যাধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক বাসগুলি দুর্গাপুর ও আসানসোলের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মসৃণ করবে। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে এই নতুন বাসগুলি যাত্রা শুরু করলো এবং এগুলি মোট তিনটি রুটে চলাচল করবে বলে জানা গেছে। পাশাপাশি, এই বৈদ্যুতিক বাসগুলির চার্জিং পরিকাঠামোয় সহায়তার জন্য আসানসোলে একটি নতুন ইভি (EV) চার্জিং স্টেশনও নির্মাণ  করা হয়েছে।

দুর্গাপুরে চালু পাঁচটি নতুন এসি বাস 

‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ (NCAP)-এর অধীনস্থ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় এই পাঁচটি বাস শিল্পাঞ্চলের রাস্তায় নামানো হয়েছে। প্রতিটি বাসের জন্য আনুমানিক খরচ হয়েছে প্রায় ১.১৯ কোটি টাকা। পরিবেশ-বান্ধব গণপরিবহন ব্যবস্থাকে উৎসাহদানের পাশাপাশি, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াতের সুবিধার বিষয়টিও বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে।

দুর্গাপুরের বেনাচিতি মোড় থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত ও ভগত সিং মোড় হয়ে বর্ধমান পর্যন্ত রুটে দুটি বাস চলাচল করবে বলে জানানো হয়েছে। আবার, আরও দুটি বাস দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে আসানসোল রুটে যাতায়াত করবে। আর পঞ্চম বাসটিকে দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ পরিবহনের জন্য কাজে লাগানো হবে। এই বাসগুলো দূষণ নিয়ন্ত্রণ করার পাশাপাশি, দক্ষ যাত্রী পরিষেবা প্রদান করবে বলেও আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: ঘনাচ্ছে পূর্বালী নিম্নচাপ! চতুর্থীতে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

মঙ্গলবার, দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাসে এই পাঁচটি ইভি বাস পরিষেবার শুভ সূচনা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লখন চন্দ্র ঘুই, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষ ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

google button