বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচন মিটেছে এক মাসও হয়নি। এরই মাঝে অস্বাভাবিক মৃত্যু দক্ষিণ দমদম পুরসভার এক কাউন্সিলরের (TMC Councillor Death)। সূত্রের খবর, দক্ষিণ দমদমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে তাঁর শোয়ার ঘর থেকে। সঞ্জয়কে ঘরে ঝুলতে দেখে তড়িঘড়ি তাঁকে পার্শ্ববর্তী নাগেরবাজার ILS হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, সঞ্জয় রায় তথা দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেফতারির আশঙ্কা থেকে আত্মহত্যা?
সম্প্রতি দক্ষিণ দমদম পুরসভায় দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বর্তমানে সেই মামলার তদন্ত চালাচ্ছে ED। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মধ্যমগ্রামের বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও। এদিকে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে! আর সেই দেবরাজেরই ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়।
এমতাবস্থায়, একজন প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকায় তাঁর বিরুদ্ধেও তদন্ত হতে পারতো বলেই আশঙ্কা থেকে বোধহয় আত্মহত্যা করেছেন তৃণমূল নেতা! এমনটাই মনে করছেন অনেকেই। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা রুজু করা হয়েছে। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সবটাই খতিয়ে দেখা হবে।
অবশ্যই পড়ুন: বাংলাজুড়ে বিনামূল্যে ক্লিনিক, আয়ুষ্মান মন্দির চালুর পথে রাজ্য সরকার
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দক্ষিণ দমদম পুরসভায় একাধিক দুর্নীতির খবর সামনে এসেছে। শুধু প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেই থেমে থাকছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বরং দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে টাকা খেয়ে চাকরি দেওয়ার মতো দুর্নীতির সাথে আর কারা কারা জড়িয়ে তাদের প্রত্যেককেই রাডারে আনতে চাইছে ED। ঠিক সেই পর্বে, তৃণমূল কাউন্সিলরের মৃত্যু দুইয়ে দুইয়ে চার করে দিচ্ছে অনেক ক্ষেত্রেই!










