সরকারি হাসপাতালে দালালরাজ আর নয়! চালু বিশেষ আইকার্ড ব্যবস্থা

Published:

Government Hospitals

প্রীতি পোদ্দার, কলকাতা: হাসপাতালের কর্মীদের জন্য বিশেষ কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। বিজেপি ক্ষমতায় আসতেই বহিরাগত বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে এবার উঠে পড়ে লেগেছে। বরাবরই বাংলায় সরকারি হাসপাতালগুলিতে (Government Hospitals) বেহাল দশা স্বাস্থ্য পরিষেবার। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে অনেক সময় মেলে না বেড। এই নিয়ে রয়েছে ভুড়ি ভুড়ি অভিযোগ। শুধু তাই নয়, রোগী, চিকিৎসক এবং কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা খুবই শোচনীয়, এই অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

বাধ্যতামূলক আইডি কার্ড

গত শুক্রবার স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তা এবং মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপাল-সুপারদের নিয়ে ম্যারাথন বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগতদের প্রবেশ রোখার ওপর কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। সরকারি হাসপাতালে দালাল চক্র ঠেকাতে, প্রত্যেকের আলাদা আলাদা আইকার্ড তৈরি করার পরামর্শ দেন, যাতে সেই পরিচয় পত্র ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। এবার সেই অনুযায়ী বিশেষ সার্কুলার জারি করল স্বাস্থ্য দপ্তর।

আজ থেকেই শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া

সূত্রের খবর, এসএসকেএম, আর জি কর মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল সহ সমস্ত সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স এবং কর্মীরা কোন কোন রঙের আইকার্ড ব্যবহার করবে এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। পয়লা জুন থেকে রাজ্যের সরকারি স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র নিতে আসা বাধ্যতামূলক। আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে আইকার্ড রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কর্মরত অবস্থায় পরতে হবে আইকার্ড।

পদ বিশেষে ভিন্ন রঙের আইকার্ড

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ল্যাবরেটরিতে যাঁরা কাজ করেন তাদের আই কার্ড কমলা রঙের হবে, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সবুজ রঙের আইকার্ড ব্যবহার করবেন। সহকারী অধ্যাপকরা বেগুনি রঙের, প্রশাসনিক কর্মীরা কালো, নার্সরা খয়েরি, নিরাপত্তা কর্মীরা মেরুন আইকার্ড ব্যবহারের নির্দেশ এসেছে। এছাড়াও যারা হাসপাতালে ঝাড়পোছ করেন সেই সাফাইকর্মীদেরও এখন থেকে নির্দিষ্ট হলুদ রঙের পরিচয় পত্র পরতে হবে। আউট সোর্সিং এর কাজ যারা করেন তাদের জন্য নির্ধারিত হয়েছে নীল রঙের আই কার্ড।

আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝে সুখবর! বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর

আগামী ২৮ মে-র মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ জারি করা হয়েছে। হাসপাতালের প্রতিটি ভবনের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি এই প্রকল্পের সমস্ত কাজ সমন্বয় ও তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পটি সুষ্ঠুভাবে চালানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একটি অফিস ডেস্কের ব্যবস্থা করতে বলা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আইটি কর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে, যারা প্রযুক্তিগত সমস্যার সমাধানে উপস্থিত থাকবেন।