অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক! আদালতে আবেদন সিআইডির

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজে মামলায় ফের হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই নিয়ে দু’দুবার তিনি সিআইডি দফতরে হাজিরা দিলেন না। তদন্ত প্রক্রিয়াকে ধীর করার জন্যই তিনি হাজিরা এড়াচ্ছেন, এমনটাই অভিযোগ সিআইডির। আজ অর্থাৎ বুধবার কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল। এমনকি নির্ধারিত সময় পর্যন্ত সিআইডি আধিকারিকরা অপেক্ষা করেন। কিন্তু আসলেন না তৃণমূল সাংসদ।

ফের হাজিরা এড়ালেন অভিষেক

ভোটের প্রচারে এসে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হল ৪ তারিখ বেলা বারোটার পর রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজানোর হুমকি। কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেস ল্যাজেগোবরে হওয়ার পর সেই ডিজে মন্তব্য নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়। বিজেপির দাবি, ডিজে বাজানোর মাধ্যমে পরোক্ষভাবে তিনি হিংসায় উস্কানি দিয়েছিলেন। সেই নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ মামলার তদন্ত করছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়।

আজ দ্বিতীয় দিনের মতো বিধাননগর আদালতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার কথা ছিল। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন সাংসদ। কিন্তু সেখানে কাজের কাজ হয়নি। এখনও পর্যন্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এর আগে ৩০ জুন তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। কিন্তু সেদিনও আদালতে যাননি অভিষেক। আর আজ অর্থাৎ ৮ জুলাই দ্বিতীয় দিনের মতো হাজিরা এড়িয়েছেন সাংসদ।

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আমি অত্যন্ত খুশি” প্রভাসের এনকাউন্টারে স্বস্তি প্রকাশ নির্যাতিতার বাবার

উল্লেখ্য, আজ প্রায় ২ ঘণ্টা ধরে সিআইডি আধিকারিক এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞরা বিধাননগর আদালতে অপেক্ষা করেন। কিন্তু তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি। সেই কারণে সরকারের পক্ষ থেকে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, তদন্ত বিলম্বিত করার জন্য হাজিরা এড়াচ্ছেন অভিষেক। এমনকি আইনজীবী বিচারকদের কাছে আর্জি জানান যে বারবার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।