সুমিত রায়ের গ্রেফতারি নিয়ে বড় আপডেট, সিদ্ধান্ত বদলাল না সুপ্রিম কোর্ট

Published:

Sumit Roy

সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে (Sumit Roy)। সুপ্রিম কোর্টে এবার আইনি স্বস্তি পেলেন সুমিত। তাঁর রক্ষাকবচ বহাল রাখল সর্বোচ্চ আদালত। জমি এবং চাকরি দুর্নীতি মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন তিনি। তবে বাকি চারটি মামলায় রক্ষাকবচের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত সেই দাবি খারিজ করে দেয়। তবে আগের দুটি মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না সুমিত রায়কে। কিন্তু তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেই জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে।

সুমিত রায়কে আইনি স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি দুর্নীতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। ভুয়ো ডকুমেন্ট দিয়ে ওই জমি বিক্রি এবং দখলের অভিযোগে দায়ের করা হয় মামলা। এমনকি চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল সাংসদের আপ্ত সহায়কের। সেই দুটি মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ পেয়েছেন তিনি। এমনকি পরপর তিনদিন ভবানীভবনে সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন সুমিত। যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে মেলেনি রক্ষাকবচ। শেষমেষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেখান থেকে রক্ষাকবচ পেয়েছিলেন তিনি।

তবে কিছু শর্তের বিনিময়ে এই রক্ষাকবচ দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়েছিল, সুমিতকে তদন্তে সহযোগিতা করতে হবে, এবং তদন্তকারী সংস্থা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই সূত্র ধরেই শুক্রবার থেকে টানা রবিবার পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। যদিও তাঁর আইনজীবী সুমিতের তদন্তে সহযোগিতার কথা জানালেও, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট জানিয়েছিলেন, সুমিত তদন্তে সহযোগিতা করেছে কিনা তা আদৌ খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুন: সংখ্যালঘুদের জন্য রাজ্যে চালু হল ‘শিল্প কুঞ্জ’, কী সুবিধা মিলবে?

সেই সূত্র ধরেই শীর্ষ আদালত সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখে। সুতরাং, আপাতত অভিষেকের আপ্ত সহায়ককে গ্রেফতার করা যাবে না। কিন্তু তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জমি এবং চাকরি দুর্নীতি মামলায় সাময়িক স্বস্তি পেলেও বাকি মামলাগুলিতে এখনও পর্যন্ত গ্রেফতারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।