যোগ্যদের স্বস্তি, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এবার বড় সিদ্ধান্তের কথা জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আপাতত যোগ্যরা কিছুটা হলেও স্বস্তি পেলেন। নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত চাকরি বহাল থাকবে তাঁদের। ফলত, ৩১ আগস্টের পরেও নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত স্বস্তি পেলেন তাঁরা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে।

চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি যোগ্যদের

তৎকালীন সরকারের আমলে ২০১৬ সালের এসএসসি প্যানেলে দুর্নীতির অভিযোগ আসায় গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যোগ্য বা আনটেইন্ড প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের চাকরি চালিয়ে যেতে পারবেন। কিন্তু তার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিকে সেই ফাঁকে রাজ্যে সরকারের পালাবদল হয়। ইতিমধ্যেই নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ায় তোড়জোড় শুরু করেছে। কিন্তু আদালতের কাছে আবেদন জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ যোগ্যরা চাকরি চালিয়ে যেতে পারবেন।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সেই মামলায় নতুন করে কোনও নির্দেশ দেয়নি। যদিও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অসুস্থতার কারণে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয় এই মামলার। আবেদনকারীদের তরফ থেকে জানানো হয়, যেহেতু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন ফাইল করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ৩ মামলায় রক্ষাকবচ পেলেও হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক

তবে বিচারপতি জয়মাল্য বাগচি জানান, যেহেতু একটি নতুন আইএ দাখিল হয়েছে, সঞ্জয় কুমারের বেঞ্চ আগামী ৩১ আগস্টের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই মামলার রায় দিচ্ছেন, ততক্ষণ আগের নির্দেশ কার্যকর থাকবে। নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছে বেঞ্চ। ফলে আপাতত যোগ্য চাকরিহারা প্রার্থীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।