বকরি ঈদে মায়াপুরে মুখ্যমন্ত্রী, ইসকন মন্দিরে গোমাতার পুজো করলেন শুভেন্দু

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: বকরি ঈদের দিন মায়াপুরে (Mayapur) গোমাতার পুজো দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন ইসকন মন্দিরের সন্ন্যাসীরা৷ জানা গিয়েছে, মূলত গোমাতার পুজো ও সেবার উদ্দেশ্যেই সেখানে গিয়েছেন তিনি। দু’দিন আগেই নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেছিলেন শুভেন্দু। তবে এ বার তিনি গেলেন মায়াপুর ইস্কনে।

মায়াপুরে শুভেন্দু

রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে গিয়েছিলেন ইস্কনের গোশালায়। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। দেখা যাচ্ছে, গোমাতার বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী। গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর পাশাপাশি বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান করেন তিনি। আম, মিষ্টি খাওয়ানোর পাশাপাশি গোমাতাকে মালাও পরিয়ে দিয়েছিলেন শুভেন্দু। যজ্ঞ শেষে বিগ্রহকে সাষ্ঠাঙ্গে প্রণামও করেন তিনি।

রাধামাধবের দর্শন করেন শুভেন্দু

গোমাতাকে পুজো দেওয়ার পর মায়াপুর ইসকনের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে রাধামাধবের দর্শন করেন তিনি। সেখানে কিছুক্ষণ পুজো দেওয়ার পর মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলে তিনি জানান, এখানে কোনও রাজনৈতিক উদ্দেশে আসেননি। শুধুমাত্র পুজো দিতে এসেছিলেন, তাই তিনি কিছু বলবেন না। মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ইস্কন মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস বলেন, “মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম বারের মতো ইস্কনে এসেছেন। ইস্কনের ব্যাপারে উনি যথেষ্ট আগ্রহী এবং উৎসাহী।”

আরও পড়ুন: স্কুলে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন জট! কাটছাঁটের আর্জি শিক্ষকদের

উল্লেখ্য, রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথমবার মায়াপুর ইসকনে গিয়েছেন, যদিও এই সফর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অন্য বার্তা এনে দিয়েছে। কারণ বিগত ১৫ বছর ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকরি ঈদের দিনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন। এমনকী তাঁকে নমাজ পড়তেও দেখা যেত। কিন্তু এবার বকরি ঈদের দিন মায়াপুর ইসকনে এসে গোমাতার পুজো দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি যে পরিবর্তনের ধারা বজায় রাখছেন তা বেশ স্পষ্ট।

google button