‘দিমাগি নকশালদের ছাড়বে না বিজেপি সরকার’, যাদবপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেখানকার আর্টস বিভাগের হস্টেলের দেওয়াল লিখন নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে এবার সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন ‘রেড স্যালুট কিষেণজি’ যাঁরা বলবেন, তাঁদের স্থান কলকাতা, যাদবপুর, পশ্চিমবঙ্গে হবে না।’ শুধু তাই নয়, রাখি বন্ধনের দিন (Rakhi Bandhan) যাদবপুরে ১০ হাজার লোকের কণ্ঠস্বরে গাওয়া হবে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ (Vande Mataram)।

যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের দেওয়াল চিত্র ফাঁস শুভেন্দুর

যাদবপুরের ক্যাম্পাসে SFI এবং ABVP হামলা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়েছিল। আর এবার সেই বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সোমবার তাঁর এক্স হ্যান্ডলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল চিত্র নিয়ে কিছু ভিডিয়ো পোস্ট করেছিলেন। কেন সেই ভিডিও পোষ্ট করেছিলেন সে নিয়ে মঙ্গলবার তিনি বলেন, ‘আমি গতকাল চারটে ভিডিয়ো ছাড়তে বাধ্য হয়েছিলাম। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেওয়ালে লেখা রয়েছে ‘রেড স্যালুট কিষেণজি।’ কে কিষেণজি? ১ হাজার ভারতীয়কে খুন করেছেন। পুলিশকেও খুন করেছেন। তাই ‘রেড স্যালুট কিষেণজি’ যাঁরা বলবেন, তাঁদের স্থান কলকাতা, যাদবপুর, পশ্চিমবঙ্গে হবে না।’

বড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ পরিস্থিতি নিয়েও ক্ষোভ উগরে দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন “যাদবপুর ক্যাম্পাসে কেন আজাদি স্লোগান ওঠে?” তাঁর কথায়, ‘যাদবপুরের আর্টস বিভাগের হস্টেলের দেওয়ালে ভারতকে ছোট করে কার্টুন আঁকবেন? বাজনা বাজাতে বাজাতে বলবেন “আজাদি? কেয়া আজাদি! ১৯৪৭ এর ১৫ অগস্ট আজাদি হয়ে গিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বলি এরা দিমাগি নকশাল। এদের যাঁরা সাপোর্ট করছেন, তাঁদের কাউকে বিজেপি সরকার ছাড়বে না।” এরপরই মুখ্যমন্ত্রী রাখি বন্ধনের দিন যাদবপুরে এক বিরাট অনুষ্ঠানের ঘোষণা করেন।

আরও পড়ুন: SIR-এ বড় অসঙ্গতি! ৯১% ভোটারের নাম ফেরাল ট্রাইব্যুনাল

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, আগামী ২৮ আগস্ট, রাখি বন্ধনের দিন যাদবপুরে ১০ হাজার লোকের জমায়েত করে সেখানে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ গাওয়ার জন্য ১ কিলোমিটার র‍্যাম্প তৈরি করা হবে। আর এই ঘোষণার পরেই রাজ্য রাজনীতিতে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কুণাল ঘোষ জানিয়েছেন, “দেশপ্রেম থেকেই রাখিবন্ধন উৎসব শুরু হয়েছিল। তাহলে বিজেপি নেতারা গত বছর কেন রাখি পরেননি?” অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন, তাঁরাই দেশ বিরোধী।”