সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের জনগণ এবং সরকারি কর্মীদের জন্য একেবারে কল্পতরু ডাবল ইঞ্জিন সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে নতুন চারটি এয়ারপোর্টের চুক্তি থেকে শুরু করে সরকারি কর্মচারী, কর্মবন্ধু এবং ভগিনী নিবেদিতা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানোর প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় ব্যাপার, এবার হোস্টেলে খাবারের বরাদ্দও বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
নবান্ন থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ মুখ্যমন্ত্রী এসসি-এসটি প্রসঙ্গ নিয়ে জানিয়েছেন, “আমরা জট থেকে বেরিয়ে এসেছি। রাজ্যে এসএসসি কার্যকর হয়েছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিল। আমাদের সেগুলি খুলতে হয়েছে। কর্মবন্ধুদের বেতন এবার ৫ থেকে বেড়ে ৮ হাজার করা হল। হোস্টেলে থাকা এসসি-এসটি পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। ১৮০০ এর বদলে ৩৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভগিনী নিবেদিতার নামে চালু হচ্ছে প্রকল্প। আইসিডিএস-র ভাতা ৮ হাজার থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন, “যারা বিভিন্ন সরকারি দফতর বা প্রতিষ্ঠানে সার্ভিস দেন, সেই সমস্ত কর্মবন্ধুদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদের খুব কম পয়সা আগের সরকার বেতন হিসেবে দিত। ৫০০০ টাকা করে দিত আগের সরকার। আমরা তাদের পুজোর মাস থেকে বাড়িয়ে ৮০০০ করে দিলাম। তপশিলি জাতি, উপজাতির ছাত্র-ছাত্রী, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাদের খাবারের টাকা বৃদ্ধি করে ১৮০০ থেকে বাড়িয়ে ৩৩০০ করা হল। এই বরাদ্দ তারা পাবেন নভেম্বর থেকে।”
আরও পড়ুন: “১৫ দিনের মধ্যে ফিরুন, না হলে জায়গা নেই!” কাদের উদ্দেশ্যে বার্তা মমতার?
এছাড়া আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক থেকেই জানিয়েছেন, “দেবীপক্ষে ১১ তারিখ পুলিশের প্রথম ব্যাচকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হবে। সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ হবে। পুলিশ খুব দ্রুততার সঙ্গেই কাজ করছে। আজ বিভিন্ন দফতর মিলিয়ে ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই হবে।” আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই সব দফতরের পরীক্ষা সম্পন্ন করে নিয়োগপত্র প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।










