বাসে চড়ে শপথ নিতে গেলেন বিধায়করা, নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন মুখ্যমন্ত্রী

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রীর পর আজ, বুধবার বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান (Oath Taking Ceremony)। এদিকে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই এবার বড় সিদ্ধান্ত নিলেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর (Narendra Modi) এবার নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন তিনি। বাসে চেপে শপথ নিতে আসলেন বাকি বিধায়কেরা।

কনভয়ের সংখ্যা কমালেন শুভেন্দু

জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির জেরে গত কয়েকদিন ধরেই দেশবাসীকে জ্বালানি কম ব্যবহার করার আর্জি জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই জ্বালানি সংকটের কারণে নিজের কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন তিনি। এমনকি একই পথে হাঁটছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সপ্তাহে একদিন সেখানে নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে। তাই এবার জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিলেন বড় পদক্ষেপ। নিজের কনভয়ে গাড়ি অনেকটাই কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। শুধুমাত্র নিরাপত্তার কারণে যতটুকু গাড়ি থাকার কথা ততটাই ব্যবহার করবেন।

বিধানসভায় শপথগ্রহণ বিজেপি বিধায়কদের

দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে জ্বালানি সাশ্রয়ের জন্য শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, তাঁর সঙ্গে পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়করাও। সূত্রের খবর, আজ বিধানসভায় নির্বাচনে জয়ী বিজেপি বিধায়করাও বাসে চড়ে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। যা দেখে সকলেই বেশ অবাক। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামিদিনে মন্ত্রিসভা গঠিত হওয়ার পরও জ্বালানি বাঁচাতে নেতা-মন্ত্রীরা এই পথে হাঁটবেন। এদিকে ২৬ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দু জোড়া জয় লাভ করলেও বিধায়ক হিসেবে বেছে নিলেন ভবানীপুরকেই। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়।

আরও পড়ুন: আর ঢিলেমি নয়, এবার সুদ-সহ বেতন ফেরাতে হবে ‘দাগি’দের

সূত্রের খবর, আজ ও আগামিকাল মিলে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন বিধানসভায়। আজ শপথ নেবেন উত্তরের ৯ জেলা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়করা। এবং আগামিকাল শপথ নেবেন বাকি ১১ জেলার বিধায়করা। এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও রেজিনগর ও নওদা থেকে দুটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন। এবার তাঁকেও একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ছাড়তে হবে।